কবে পর্তুগালকে বিদায় জানাবেন রোনালদো, জানালেন কোচ
বয়স ৪১ ছুঁইছুঁই। সামনে অপেক্ষা করছে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জাতীয় দলের জার্সিতে আর কতদিন দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে? তবে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস জানিয়ে দিয়েছেন, আপাতত অবসর বা ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না দলের অধিনায়ক। এমনকি দলের অন্য খেলোয়াড়রাও নয়।
মার্তিনেস বলেন, এই মুহূর্তে রোনালদোর পুরো মনোযোগ জাতীয় দলের সাফল্যে। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে এখন কোনো আলোচনা নেই।
২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেকের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ এক ক্যারিয়ার গড়েছেন রোনালদো। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২২৭ ম্যাচে ১৪৩ গোল করে গড়েছেন বিশ্বরেকর্ড।
বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে আজ বুধবার (১০ মে) নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। নিজেদের মাঠ লেইরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে বিশেষ আগ্রহ রয়েছে সমর্থকদের মধ্যে। অনেকের ধারণা, ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে এটিই হতে পারে রোনালদোর শেষ ম্যাচ।
তবে কোচ মার্তিনেসের মতে, এমন কোনো আবেগ বা ভাবনা রোনালদোর মধ্যে নেই। তিনি বলেন, জাতীয় দলকে সহায়তা করার জন্য প্রতিদিন সর্বোচ্চটা দিয়ে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।
মার্তিনেস বলেন, ‘আমাদের অধিনায়ক প্রতিটি কাজে উদাহরণ তৈরি করেন। জাতীয় দলকে সাহায্য করতে তিনি নিজেকে পুরোপুরি উজাড় করে দেন। তিনি কিংবা দলের অন্য কেউ ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। এখন একমাত্র লক্ষ্য হলো অনুশীলন, পরিকল্পনার বাস্তবায়ন এবং দেশের জার্সির মর্যাদা রক্ষা করা।’
নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে পুরো স্কোয়াডকে মাঠে নামানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন পর্তুগাল কোচ। তার ভাষ্য, প্রস্তুতি ম্যাচে সব খেলোয়াড়কে সুযোগ দিয়ে বিশ্বকাপের আগে সবার ম্যাচ ফিটনেস নিশ্চিত করতে চান তিনি।
মার্তিনেস বলেন, ‘পরিকল্পনা হলো শুরুর একাদশের সবাইকে বদলি করে অন্যদেরও খেলার সুযোগ দেওয়া। আমাদের প্রধান লক্ষ্য হলো বিশ্বকাপের আগে প্রত্যেক খেলোয়াড়কে প্রস্তুত করা।’
বিশ্বকাপের নবাগত দল কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে পর্তুগালের। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ থাকবে উজবেকিস্তান ও কলম্বিয়া।

স্পোর্টস ডেস্ক