রোনালদোদের নতুন কোচ হোর্হে জেসুস
এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ভাবা হচ্ছিল পর্তুগালকে। রবার্তো মার্তিনেজের অধীনে তারকায় ভরপুর স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিল তারা। কিন্তু শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। এরপরই ক্রিস্টিয়ানো রোনালদোদের দায়িত্ব থেকে পদত্যাগ করেন মার্তিনেজ।
এরপর থেকেই আলোচনায় ছিল পর্তুগালের নতুন দায়িত্ব উঠছে কার কাঁধে। আলোচনায় ছিলেন সৌদি আরবের ক্লাব আল নাসরের কোচ হোর্হে জেসুসের নাম। সেই আলোচনায়ই এবার সত্যি হলো পর্তুগালের নতুন কোচ হিসেবে জেসুসকে দায়িত্ব দিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
শুক্রবার (১০ জুলাই) চার বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে পর্তুগাল। চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পর্তুগালের ডাগআউট সামলাবেন ৭১ বছর বয়সী এই কোচ।
৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন জেসুস। দীর্ঘ কোচি ক্যারিয়ারে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো ও সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে কাজ করেছেন তিনি।
সর্বশেষ দায়িত্ব নিয়েছিলেন সৌদি আরবেরই আরেক ক্লাব আল নাসরের। দীর্ঘ সময় পরে দলকে শিরোপাও জিতিয়েছেন জেসুস। এরপর গত মে মাসে ক্লাবটির দায়িত্ব ছাড়েন তিনি।
পর্তুগালের দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, ‘আমি গর্বিত যে, আমি পর্তুগিজ। নিজের দেশকে কোচিং করানোর সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের।’
পর্তুগালের হয়ে তার প্রথম ম্যাচ হবে আগামী ২৪ সেপ্টেম্বর, নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে। বিশ্বকাপে হতাশার পর দ্রুত ঘুরে দাঁড়াতে চায় পর্তুগাল। নতুন কোচের অধীনে সেই লক্ষ্যেই যাত্রা শুরু করল ইউরোপের শক্তিশালী এই দল।

স্পোর্টস ডেস্ক