স্পেনের কাছে হেরে দায়িত্ব ছাড়লেন পর্তুগালের কোচ
বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর পর্তুগালের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেজ। স্পেনের কাছে ১-০ গোলে হারের পরই নিজের সিদ্ধান্তের কথা জানান এই স্প্যানিশ কোচ।
মার্তিনেজ জানান, বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই তিনি পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় আর পদে থাকা অর্থবহ মনে করছেন না তিনি। তার চুক্তির মেয়াদও শেষ হয়েছে বলে জানান ৫২ বছর বয়সী এই কোচ।
মার্তিনেজ বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। আর সেটি সম্ভব না হলে আমার মনে হয় চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এখন ফেডারেশন ও সভাপতি নতুন কোচ বেছে নেওয়ার সুযোগ পাবেন।’
২০২৩ সালে পর্তুগালের দায়িত্ব নেওয়ার পর মার্তিনেজ দলকে ২০২৫ সালের উয়েফা নেশন্স লিগের শিরোপা এনে দেন। তার অধীনে ৪৫ ম্যাচে ৩২টি জয় পেয়েছে পর্তুগাল।
তবে বিশ্বকাপের মঞ্চে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর শেষ হলো তার পর্তুগাল অধ্যায়। বিদায়ের সময় মার্তিনেজ বলেন, আমি আশা করি সমর্থকেরা আমার সাড়ে তিন বছরের দায়িত্বকালকে ইতিবাচকভাবেই মনে রাখবেন।

স্পোর্টস ডেস্ক