অস্ট্রেলিয়াকে দুঃস্বপ্ন দেখানোর পুরস্কার পেলেন হাসান
ডারউইনে এই ম্যাচ শুরুর আগে বাংলাদেশ জিতবে, এমন ভাবনার লোক খুঁজে পাওয়া ছিল দুষ্কর। বিশেষ করে প্রস্তুতি ম্যাচের সেই পারফরম্যান্সের পর সেই সংখ্যা আরও কমে গিয়েছিল। কিন্তু সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। টানা চার দিনই অস্ট্রেলিয়ার ওপর দাপট দেখিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
আজ শনিবার (১৬ আগস্ট) জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৫৭ রানের। ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশ জয় তুলে নিয়েছে ৯ উইকেটে।
বাংলাদেশের এই জয়ের পেছনে বড় ভুমিকা টাইগার পেসার হাসান মাহমুদের। তিনি একাই গুঁড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। সেটার স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন টাইগার পেসার।
প্রথম ইনিংসেই গড়েছিলেন ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ফাইফার তুলে নিয়েছেন তিনি। অসি ব্যাটারদের প্রথম দিনেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ।
এরপর বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট হাতেও অবদান রেখেছিলেন হাসান। শেষদিকে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজকে লম্বা সময় সঙ্গ দিয়েছিলেন তিনি। খেলেছিলেন ৯২ বল।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল হাসান। শিকার করেছেন ৩ উইকেট। বিশেষ করে একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়া ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার আশার প্রদ্বীপ নিভিয়ে দেন হাসান।

স্পোর্টস ডেস্ক