ঢাকা টেস্ট
বিপদ সামাল দেওয়ার চেষ্টায় মুমিনুল-শান্ত
সকালে দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। যা ব্যাকফুটে ঠেলে দেয়ে স্বাগতিকদের। ২৩ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস মেরামতের চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দেখেশুনে খেলছেন দুজন। কোনো ঝুঁকি না নিয়ে ক্রিজে টিকে আছেন প্রথম ইনিংসেও আলো ছড়ানো দুই ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। লিড ১১২ রানের।
দুই ওপেনারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ
প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তোলেন দুই ওপেনার। তবে, আজ সোমবার (১১ মে) ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা।
আগের দিন বৃষ্টি ও ব্যাড লাইটের কারণে খেলায় ব্যাঘাত ঘটে। আজ তাই ১৫ মিনিট আগে শুরু হয় ম্যাচ। সকালের শুরুতেই হাল ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৫ রান করে লেগবিফোর হন মোহাম্মদ আব্বাসের বলে। ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেশিক্ষণ টিকতে পারেননি অপর ওপেনার সাদমান ইসলামও। ১০ রান করে স্লিপে ক্যাচ তুলে দেন সৌদ শাকিলের হাতে, বল করেন হাসান আলী। ২৩ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন।
৩৮৬ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। আর বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪১৩ রান।

ক্রীড়া প্রতিবেদক