বিশ্বকাপের বাকি ২১ দিন
গোল ও অ্যাসিস্টের রাজত্বে সবার ওপরে পেলে-মেসি
গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের আর মাত্র ২১ দিন বাকি। কাউন্টডাউন শুরু হতেই ফুটবলপ্রেমীদের মাঝে বাড়ছে উন্মাদনা। মাঠের লড়াই শুরুর আগে এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের ইতিহাসে গোল এবং অ্যাসিস্টের (গোল করানো) দিক থেকে অনন্য এক রেকর্ডের চূড়ায় বসে আছেন কোন কোন কিংবদন্তি।
বিশ্বকাপের মঞ্চে গোল করা এবং গোল করানোর দিক থেকে যৌথভাবে সবার ওপরে রয়েছেন ফুটবল সম্রাট পেলে এবং আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে দুটি ক্ষেত্রেই সর্বোচ্চ ২১টি গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন তারা।
ব্রাজিলীয় কিংবদন্তি পেলে নিজের ক্যারিয়ারে বিশ্বকাপে করেছেন ১২টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯টি গোল। অন্যদিকে, কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লিওনেল মেসি করেছেন ১৩টি গোল এবং তার অ্যাসিস্ট সংখ্যা ৮টি।
এই তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৯), ব্রাজিলের রোনালদো নাজারিও (১৯) ও জার্মানির আরেক কিংবদন্তি গার্ড মুলার (১৮)।
লিওনেল মেসির গোল করার দক্ষতার কথা সবারই জানা। বিশেষ করে ডি-বক্সের (পেনাল্টি এরিয়া) বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করায় তিনি অনন্য। বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ডি-বক্সের বাইরে থেকে চারটি দর্শনীয় গোল করেছেন এই এলএমটেন। যা আজও ফুটবল ভক্তদের মনে দোলা দেয়।
১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলকে সেবার চ্যাম্পিয়ন করতে এককভাবে ১০টি গোলে অবদান রেখেছিলেন পেলে। এরপর থেকে দীর্ঘ সময় আর কোনো ফুটবলার এক আসরে এত বেশি গোলের পেছনে ভূমিকা রাখতে পারেননি।
তবে পরবর্তীতে এই রেকর্ডে ভাগ বসান আরও দুই মহাতারকা—১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ১০টি করে গোলে অবদান রাখেন।
ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে অ্যাসিস্ট বা গোল করানোর অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি। তার এই অবিশ্বাস্য রেকর্ডের ধারেকাছেও কেউ নেই।
মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ তিনটি ভিন্ন বিশ্বকাপে সতীর্থদের দিয়ে গোল করানোর রেকর্ড রয়েছে পেলে, গ্রেগর্জ লাতো, দিয়েগো ম্যারাডোনা এবং ডেভিড বেকহ্যামের।

স্পোর্টস ডেস্ক