ঢাকায় এসেছেন থমাস ডুলির সহকারী
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। নতুন হেড কোচ থমাস ডুলির অধীনে বিকেলে দলের প্রথম অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হেড কোচের পাশাপাশি সহকারী কোচের পদ নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা ছিল। এবার সেই জায়গায় পরিবর্তন এনেছে বাফুফে। জাতীয় দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইতালিয়ান-কানাডিয়ান নাগরিক মার্ক ব্রুনোকে। গতকাল রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন এবং বর্তমানে দলের সঙ্গে টিম হোটেলে অবস্থান করছেন।
সাবেক কোচ হাভিয়ের কাবরেরার সময়ে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক অধিনায়ক হাসান আল মামুন। কাবরেরার বিদায়ের পর সমর্থকদের একটি বড় অংশ বিদেশি সহকারী কোচ আনার দাবি জানিয়েছিল। বাফুফে সূত্রে জানা গেছে, নতুন হেড কোচ থমাস ডুলির পরামর্শেই বিদেশি সহকারী কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাবরেরার মেয়াদের শেষ দিকে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা নিয়েও সমালোচনা ছিল। অনুশীলন শুরু হলেও আনুষ্ঠানিকভাবে স্কোয়াড প্রকাশ না করার অভিযোগ ওঠে। তবে ডুলি অধ্যায়ের শুরুতেই সেই চিত্র বদলেছে। আজ সকালে বাফুফে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।
এদিকে ক্যাবরেরার বিদায়ের পর আবারও জাতীয় দলের দরজা খুলেছে গোলরক্ষক জিকোর জন্য। নতুন কোচিং স্টাফের অধীনে তিনি আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন। নতুন কোচ, নতুন সহকারী এবং নতুন পরিকল্পনা নিয়ে এখন সান মারিনো ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল।

স্পোর্টস ডেস্ক