হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপার মিশনে ঈদের দিনেই মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ভারতের গোয়ায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
শক্তি-সমর্থ কিংবা অতীত পরিসংখ্যান সবখানেই মালদ্বীপের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। ফেভারিটের সেই তকমা নিয়েই মাঠে নামবে মারিয়া মান্দা-আনিকা রানিয়া সিদ্দীকীরা। দুই দলের সর্বশেষ পরিসংখ্যানও কথা বলে বাংলাদেশের পক্ষেই। সেবার ৪-০ গোলে দেশটিকে হারিয়েছিল টাইগ্রেসরা।
মালদ্বীপের বিপক্ষে অবশ্য বাংলাদেশের মিশন ভিন্ন। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপে লাল-সবুজদের বাকি প্রতিপক্ষ ভারত আর মালদ্বীপ। মূলত ভারতই এই গ্রুপে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে। তাদেরকে পেছনে ফেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে।
সেই ভারতই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে রেখেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা মালদ্বীপের জালে জালে গুনে গুনে ১১বার বল জড়িয়েছে। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য সেই ১১ গোল ছাড়িয়ে যাওয়া। একই সঙ্গে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে রাখা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে।
সেই লক্ষ্য পূরণে অতীত আশা জাগাচ্ছে বাংলাদেশের জন্য। ২০২২ সালের সাফে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৭ সালের সাফে এই ব্যবধান ছিল আরও বড়। সেবার ৬-০ গোলের ব্যবধানে তাদের হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
সবমিলিয়ে এখন পর্যন্ত চারবার মালদ্বীপের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টাইগ্রেসদের জয়ের রেকর্ড শতভাগ। এই চার ম্যাচে বাংলাদেশ সবমিলিয়ে মালদ্বীপের জালে বল পাঠিয়েছে ১৪ বার। বিপরীতে, হজম করেছে একটি গোল।
অবশ্য বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার ১১ গোলের চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন না। তিনি মনে করেন, ভারত ১১ গোল দিয়েছে জন্য বাংলাদেশকে ১২ গোল দিতে হবে এমন সমীকরণে বিশ্বাসী না তিনি। বাটলার বলেন, ‘আপনি যদি শুধু গোলের পেছনে বা সুযোগের পেছনে ছোটেন, তবে শেষ পর্যন্ত মূল লক্ষ্য পূরণ না-ও হতে পারে।’
একই সুর বাংলাদেশের নতুন অধিনায়ক মারিয়া মান্দার কণ্ঠেও। তার মতে, মালদ্বীপের বিপক্ষে গোল কয়টি হবে তা নির্ভর করছে ম্যাচের পরিস্থিতির ওপর।
মারিয়া বলেন, ‘দলের সবাই ফিট আছে এবং আমরাও প্রস্তুত। যেহেতু এটি আমাদের প্রথম ম্যাচ, তাই এখান থেকে পূর্ণ পয়েন্ট তুলে নেওয়াই মূল লক্ষ্য। গোল কয়টি হবে তা নির্ভর করবে মাঠের পরিস্থিতির ওপর। তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

স্পোর্টস ডেস্ক