বাংলাদেশে নিজের প্রথম স্কোয়াড ঘোষণা করলেন ডুলি
নানা জল্পনা-কল্পনা শেষে বাংলাদেশের ডাগআউট সামলানোর দায়িত্ব পেয়েছেন টমাস ডুলি। তার সামনে প্রথম মিশনে প্রতিপক্ষ ইউরোপের দেশ সান মারিনো। মার্কিন এই কোচের অধীনেই প্রথমবার ইউরোপ সফর করবে বাংলাদেশ। দল গোছাতে খুব বেশি সময় পাননি ডুলি। সপ্তাহ খানেকের মধ্যেই তাকে বেছে নিতে হয়েছে ২৩ সদস্যের চূড়ান্ত দল।
আজ শনিবার (৩০ মে) সান মারিনো ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশের মার্কিন কোচ টমাস ডুলি। তার হাত ধরেই দীর্ঘদিন পরে আবারও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
হাভিয়ের কাবরেরার নিয়মিত পছন্দ ফরোয়ার্ড রাকিব হোসেনকে পাচ্ছেন না ডুলি। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এই সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন রফিকুল ইসলাম।
বাংলাদেশের প্রথম ইউরোপ সফরে কপাল পুড়েছে মোহামেডানের ডিফেন্ডার রহমত মিয়া, আবাহনীর ফরোয়ার্ড ইব্রাহিম ও পিডব্লিউডি ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীনের। ডুলির চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তাদের।
সান মারিনোতে যাওয়ার আগে দেশের মাটিতে ক্যাম্প করছে বাংলাদেশ। আগামীকাল দুপুরে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী ২ জুন নিজ নিজ ক্লাব থেকে সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন শমিত সোম, জায়ান আহমেদ এবং হামজা চৌধুরী।
বাংলাদেশের ২৩ সদস্যের দল
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার : তারিক রায়হান কাজী, তপু বর্মণ, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, ঈসা ফয়সাল।
মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ।
ফরোয়ার্ড : ফাহিমিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক