ত্রিদেশীয় সিরিজ
স্কটল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
ব্যাটিংয়ে শুরু পেলেন সবাই কিন্তু ইনিংস লম্বা করতে পারলেন না। হতাশ করে ফিরলেন জুরাইরিয়া ফেরদৌস-শারমিন আক্তার সুপ্তা-সোবহানা মুস্তারিরা। এতে বড় রানের আশা দেখলেও অল্পতেই থামতে হয়েছে বাংলাদেশ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। আজ শনিবার (৩০ মে) নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে ১২ রান করে ফিরে যান জুয়াইরিয়া। এরপর দ্রুতই বিদায় নেন আরেক ওপেনার দিলারা আক্কতার (১৬ বলে ১১)।
দ্রুত দুই উইকেট হারানোর পর তিন নম্বরে শারমিন আক্তার সুপ্তা জুটি গড়ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে। সেই জুটি ২০ রানে পৌঁছাতেই আম্পায়ারের দৃষ্টিকটু রান আউটে কাটা পড়েন সুপ্তা (১৩ বলে ১০)।
সুপ্তা ফিরলে জ্যোতিকে সঙ্গ দিতে আসেন সোবহানা মোস্তারি। তারা দুজন মিলে গড়েন ৪২ রানের জুটি। এই জুটিতে বড় রানের আশা দেখছিল বাংলাদেশ। তবে ২২ বলে ২২ রান করা সোবহানা ফিরলে সেই আশা ভঙ্গ হয়। এরপর দ্রুতই ফিরে যান স্বর্ণা আক্তার (৩ বলে ২)।
বাকিদের যাওয়া-আসার ফাঁকে একপ্রান্ত আগলে রেখে দলীয় রান বাড়িয়ে নেন জ্যোতি। যদিও স্ট্রাইকরেট কিছুটা মন্থর ছিল। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৩৯ বলে ৪৬ রানে। বাংলাদেশ থামে ১৩৩ রানে।

স্পোর্টস ডেস্ক