ফাইনালের টিকিট কাটতে মাঠে বাংলাদেশ
ভারতের গোয়ায় বসেছে এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর। হ্যাটট্রিক শিরোপার খোঁজে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার লক্ষ্য ফাইনালে যাওয়া। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
আজ বুধবার (৩ জুন) গোয়ায় জওহরলাল নেহারু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
সাফের টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সর্বশেষ সাফে ২০২৪ সালে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলে বাংলাদেশ। সেই ম্যাচে ম্যাজিক দেখিয়েছিলেন ঋতুপর্ণা চাকমা।
সাফে নেপালের বিপক্ষে এখন পর্যন্ত মোট ৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে নেপালের জয় তিনটি। সেগুলো অবশ্য বেশ পুরোনো। সময় বদলেছে। বাংলাদেশ এখন বেশ শক্তিশালী। সাফে সর্বশেষ দুই দেখায় দুইবারই জিতেছে বাংলাদেশ।
সর্বশেষ জয়ের সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ। একই সঙ্গে এ ম্যাচে শোককে শক্তিতে রূপান্তর করার লক্ষ্য বাংলাদেশের। গতকাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মা। সেই শোককে শক্তিতে রূপান্তর করেই নেপালকে হারাতে চান বাংলাদেশের কোচ পিটার বাটলার।
নেপালকে নিয়ে বাটলার বলেন, ‘আমরা আগেও নেপালের বিপক্ষে খেলেছি। তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে চিনি। তারা কীভাবে খেলে তা আমি দেখেছি এবং আমরা আমাদের হোমওয়ার্কও সেরে রেখেছি। তবে সত্যি বলতে, আমি নেপালকে নিয়ে চিন্তিত নই। আমাদের নিজেদের খেলার মান বাড়াতে হবে এবং মাঠে সেরাটা পারফর্ম করতে হবে।’

স্পোর্টস ডেস্ক