শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়?
ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। মাঠের লড়াই শুরুর আগেই দলগুলোর শক্তিমত্তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই গবেষণা প্রতিষ্ঠান ‘ট্রান্সফাররুম’ ২০২৬ বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলোর বাজারমূল্য নিয়ে একটি নতুন তালিকা প্রকাশ করেছে।
খেলোয়াড়দের বয়স, সাম্প্রতিক ফর্ম, চুক্তির মেয়াদ এবং তারা কোন লিগে খেলছেন—এমন সব খুঁটিনাটি বিষয় বিচার করেই তৈরি হয়েছে এই তালিকা। যেখানে সবার উপরে জায়গা করে নিয়েছে ফ্রান্স।
ট্রান্সফাররুমের তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান দল ফ্রান্স। তাদের বর্তমান স্কোয়াডের মোট বাজারমূল্য প্রায় ১.৪৬ বিলিয়ন ইউরো। তালিকার দুই, তিন, চার ও পাঁচ নম্বরে যথাক্রমে রয়েছে স্পেন (১.৪১ বিলিয়ন ইউরো), ইংল্যান্ড (১.৪০ বিলিয়ন ইউরো), জার্মানি (১.১৩ বিলিয়ন ইউরো) ও পর্তুগাল (১.০১ বিলিয়ন ইউরো)।
বিশ্বকাপ জয়ের দৌড়ে সবসময় এগিয়ে থাকলেও বাজারমূল্যের তালিকায় শীর্ষ পাঁচের বাইরে রয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড নিয়ে ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে। তাদের বর্তমান বাজারমূল্য প্রায় ৯৪১ মিলিয়ন ইউরো।
অন্যদিকে, লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে তালিকার অষ্টম অবস্থানে। তাদের স্কোয়াডের মোট মূল্য ৭৩৯ মিলিয়ন ইউরো। তালিকার সাত নম্বরে থাকা নেদারল্যান্ডসের বাজারমূল্য ৮৬৭ মিলিয়ন ইউরো।
ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহার মতো প্রতিষ্ঠিত তারকার পাশাপাশি এন্ড্রিক ও রায়ানের মতো তরুণ প্রতিভার ছড়াছড়ি। তবে পুরো স্কোয়াডের মধ্যে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ভিনিসিয়াস, যার আনুমানিক বাজারমূল্য ১২৮ মিলিয়ন ইউরো। যদিও বিশ্বকাপে অংশ নেওয়া সামগ্রিক খেলোয়াড়দের তালিকায় তিনি রয়েছেন দশম স্থানে। এই তালিকার শীর্ষে আছেন স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল, এর পরেই রয়েছেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে।

স্পোর্টস ডেস্ক