দ্রুত উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ওপেনিং জুটির শুরুর সেই ব্যর্থতা কাটিয়ে ভালোই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিছু দূর যাওয়ার পর আবারও ধরল পুরোনো সেই রোগে। দ্রুত সময়ের মধ্যে হারাল দুই উইকেট। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছে বাংলাদেশ।
প্রায় শতক ছোঁয়া জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত আর তানজিদ হাসান তামিম। হাফসেঞ্চুরি করা তামিম ফিরলে ভাঙে সেই জুটি। ফেরার আগে ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন এই ওপেনার।
তামিম ফেরার পর উইকেটে আসেন লিটন দাস। তিনিও বেশিক্ষণ থাকতে পারলেন না উইকেটে। রেনশোর বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ৯ বলে মাত্র ৭ রান করেই ফেরেন এই টাইগার ব্যাটার।
একপ্রান্ত আগলে রাখা শান্তও আর বেশি সময় টিকতে পারলেন না উইকেটে। কিছুটা দেখেশুনেই খেলছিলেন তিনি। হাফসেঞ্চুরি করার পর আর বেশি দূর যেতে পারলেন না। ৮৬ বলে ৬৭ রান করে ফিরলেন।
শুরুর ব্যর্থতা কাটিয়ে এগোচ্ছে বাংলাদেশ
বাংলাদেশের ওপেনিং ব্যর্থ হবে, এ আর নতুন কী! ব্যতিক্রম ঘটেনি আজও। দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। নাথান এলিসের বলে মার্নাস লাবুশেনের তালুবন্দি হয়ে ৫ বলে ৫ রান করে বিদায় নেন সাইফ। ১০ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের দেখেশুনে খেলছেন নাজুমল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। এই জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছে বাংলাদেশ। আর কোনো উইকেটে হারায়নি বাংলাদেশ। জুটিতে এসেছে অবিচ্ছিন্ন ৫২ রান। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬২ রান।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।
ছন্দে থাকা বাংলাদেশ খেলছে পূর্ণ শক্তির দল নিয়েই। অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকলেও শেষ মুহূর্তে ছিটকে গেছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। দুই বড় তারকাকে ছাড়া অসিদের শক্তি কিছুটা হলেও কমেছে। তবু, দলটা অস্ট্রেলিয়া। বাংলাদেশের নির্ভরতার জায়গা মিরপুরের চেনা উইকেট।

স্পোর্টস ডেস্ক