মাঠে নেমেই ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি
রেকর্ড যেন লিওনেল মেসির পায়ের ছায়াসঙ্গী। ক্যারিয়ারের প্রতিটি ধাপে নতুন কোনো মাইলফলক স্পর্শ করা এখন তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, মেসি এখন মাঠে নামলেই যেনো নতুন কোনো রেকর্ড গড়েন।
চোট কাটিয়ে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই এক অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টিনার মহাতারকা। দীর্ঘ ৬৯ বছর ধরে অটুট থাকা রেকর্ড ভেঙে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করার গৌরব এখন মেসির দখলে।
বুধবার আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের ৭২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেসি নিজের নামের পাশে যোগ করলেন নতুন এই কীর্তি। ব গোল করার দিনে মেসির বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন।
এতদিন এই রেকর্ডটি ছিল আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি আনহেল আমাদেও লাব্রুনার দখলে। ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে গোল করার সময় লাব্রুনার বয়স ছিল ৩৮ বছর ৯ মাস ৯ দিন। দীর্ঘ ৬৯ বছর ধরে কেউ এই রেকর্ড ভাঙতে পারেননি। অবশেষে মেসির জাদুকরী পায়ে ভেঙে গেল সেই পুরনো রেকর্ড।
আরও একটি রেকর্ডের অপেক্ষায় মেসি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মাঠে নামলেই আকাশী-নীল জার্সিতে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে এর আগে কেউই ২০০ ম্যাচ খেলেননি।
এছাড়া আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড ইতোমধ্যে নিজের করে নিয়েছেন মেসি। ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ১১৭টি গোল করেছেন এলএমটেন। দ্বিতীয় অবস্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোল সংখ্যা মোটে ৫৫। বাতিস্তুতার চেয়ে ৬২ গোল বেশি করে মেসির এই শীর্ষস্থান আরও সুসংহত হলো।

স্পোর্টস ডেস্ক