ফাইনালে আর্জেন্টিনাকে পেলে এবার কী করবেন এমবাপ্পে?
২০২২ কাতার বিশ্বকাপের সেই স্মৃতি এখনও অনেকের মনেই টাটকা। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে যেন একাই লড়াই করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যাচে ফিরিয়েছিলেন ফ্রান্সকে। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে হার মানতে হয় ফরাসিদের, আর ট্রফি জিতে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপের নকআউট কাঠামো এমন যে ভাগ্য সহায় থাকলে আবারও ফাইনালে দেখা হতে পারে আর্জেন্টিনা–ফ্রান্সের। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— আবার আর্জেন্টিনাকে পেলে কী করবেন এমবাপ্পে? থাকবে কি ‘প্রতিশোধের চাপ’?
তবে বিষয়টি নিয়ে একেবারেই নিরুত্তাপ ফরাসি তারকা। ফরাসি টিভি নেটওয়ার্ক এম৬–কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে স্পষ্ট জানিয়ে দেন, এটি প্রতিশোধের কোনো গল্প নয়।
তিনি বলেন, না, এটি প্রতিশোধের ব্যাপার নয়। আমরা বিশ্বকাপ জিতলেও টানা তিনবারের চ্যাম্পিয়ন হবো না। অতীত বদলানো সম্ভব নয়। তারা আমাদের হারিয়েছে, এবং সেটা তাদের প্রাপ্যই ছিল।
গ্রুপ পর্বে দুই দল দুই গ্রুপে থাকায় এবার প্রথম রাউন্ডে মুখোমুখি হওয়ার সুযোগ নেই আর্জেন্টিনা ও ফ্রান্সের। তবে দুই দলই টুর্নামেন্টের ফেবারিট হওয়ায় সমর্থকদের চোখ আবারও ফাইনালের সম্ভাবনার দিকেই।
সেই সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে এমবাপ্পে বলেন, আবার মুখোমুখি হলে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু তাদের নিয়ে আমাদের কোনো বাড়তি ভাবনা নেই।
গত বিশ্বকাপের ফাইনালে তিন গোলসহ পুরো আসরে ৮ গোল করেও রানারআপ হয়েছিল এমবাপ্পের দল ফ্রান্স। এবার যদি তিনি গোল না-ও করেন, তবুও যদি ফ্রান্স শিরোপা জেতে, তাহলে কী করবেন?
এ প্রশ্নে তার সোজা জবাব, এক মুহূর্তও ভাবব না। আমি গোল না করলেও যদি দল বিশ্বকাপ জেতে, তাহলে ট্রফি নিয়ে উদ্যাপনের মিছিলে আমি সবার সামনে থাকব।
‘আই’ গ্রুপে থাকা ফ্রান্স তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নরওয়ে ও ইরাক।

স্পোর্টস ডেস্ক