রাতে মাঠে নামছে জার্মানি, যেভাবে দেখবেন খেলা
বিশ্বকাপের গত দুইটা আসর ভালো যায়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। সেই ক্ষত ভুলে নতুন যাত্রা শুরু করতে মাঠে নামছে জুলিয়ান নাগেলসমানের দল। প্রথম ম্যাচে তাদের সামনে বিশ্বকাপের নবাগত দল কুরাসাও।
আজ রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।
এটি জার্মানির ২১তম বিশ্বকাপ। ইউরোপের আর কোনো দেশ এতবার বিশ্ব আসরে খেলেনি। বিশ্বকাপ ইতিহাসে কেবল ব্রাজিলই জার্মানির চেয়ে বেশি আসরে অংশ নিয়েছে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল হলেও সাম্প্রতিক দুটি বিশ্বকাপ ছিল হতাশায় ভরা। ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। ফলে এবার শুরু থেকেই ছন্দে ফেরার লক্ষ্য জার্মানদের।
শুরুর ম্যাচের স্মৃতিও খুব সুখকর নয় জার্মানদের। সর্বশেষ দুই বিশ্বকাপেই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে জার্মানি। ২০১৮ সালে মেক্সিকোর কাছে এবং ২০২২ সালে জাপানের বিপক্ষে সেই হার শেষ পর্যন্ত বিদায়ের পথ তৈরি করে দেয়। এবার সেই দুঃস্মৃতি পেছনে ফেলে জয় দিয়ে অভিযান শুরু করতে চায় তারা।
অন্যদিকে, কুরাসাওয়ের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, ইতিহাসের নতুন অধ্যায়। ক্যারিবীয় দ্বীপদেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি সুযোগ পাওয়ায় কনকাকাফ বাছাইপর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। আয়তন ও জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে কুরাসাওই সবচেয়ে ছোট।
দুই দলের সম্ভাব্য একাদশ
জার্মানি : ম্যানুয়েল নয়্যার, যোশুয়া কিমিখ, জোনাথন তাহ, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, আলেকসান্দার পাভলোভিচ, লিওন গোরেৎসকা, ফ্লোরিয়ান ভির্টজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে, কাই হাভার্টজ।
কুরাসাও : এলোয় রুম, জোশুয়া ব্রেনেট, জুরিয়েন গারি, আরমান্দো ওবিস্পো, শেরেল ফ্লোরানুস, রিচেডলি বাজোর, লিয়ান্দ্রো বাকুনা, জুনিনহো বাকুনা, তাহিথ চং, কেনজি গোরে, ইউর্গেন লোকাডিয়া।

স্পোর্টস ডেস্ক