বিশ্বকাপের প্রথম ম্যাচের পরই বরখাস্ত হলেন কোচ
সকালে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে তিউনিসিয়া। সুইডেনের বিপক্ষে অবশ্য তাদের শুরুটা ভালো হয়নি। ৫-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে দলটি। ম্যাচের এমন ফলাফল মোটেও পছন্দ হয়নি তিউনিসিয়া ফুটবল ফেডারেশনের (এফটিএফ)।
সুইডিশদের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বরখাস্ত করা হয়েছে তিউনিসিয়ার প্রধান কোচ সাব্রি লামুশিকে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিউনিসিয়ার সম্প্রচার মাধ্যম মোজাইক এফএম এর বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, সুইডেনের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর লামুশির ভবিষ্যৎ নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসে ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও এই হারের কারণে তার সঙ্গে চুক্তি ভঙ্গের সিদ্ধান্ত নেন তারা।
ইতোমধ্যে লামুশির স্থলাভিষিক্ত নিয়োগ দিয়েছে তিউনিসিয়া। অন্তর্বতীকালীন কোচ হিসেবে মন্ধের কেবাইয়েরকে তিউনিসিয়ার প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। কেবাইয়ের এর আগেও ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিউনিসিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে, ইএসপিএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বেশকিছু দিন ধরেই আতশিকাঁচের নিচে ছিলেন লামুশির। বিশ্বকাপের আগে একটি প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ ব্যবধানে হেরেছিল তার দল।
ইএসপিএন-এর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, শৃঙ্খলা জনিত কারণে এর আগেও কয়েকবার জবাবদিহিতার মুখোমুখি হয়েছিলেন লামুশির। অফিশিয়াল প্রতিনিধি দলের সদস্য না হওয়া সত্ত্বেও দলের ট্রেনিং ক্যাম্পে তার ছেলেকে নিয়ে এসেছিলেন এই কোচ।
সবমিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচের পরই এই ভাগ্য বরণ করতে হলো তাকে। অবশ্য খেলোয়াড়ি জীবনে একবার এমন অভিজ্ঞার মুখোমুখি হয়েছিলেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের চূড়ান্ত স্কোয়াড থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন লামুশি।
গ্রুপ পর্বে তিউনিসিয়ার পরবর্তী ম্যাচগুলো জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। এই ধাক্কা সামলে এখন দলটি কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটিই দেখার অপেক্ষা।

স্পোর্টস ডেস্ক