দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে পারে ব্রাজিল
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ব্রাজিলকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে কিছুটা ছন্দহীনভাবে। তাই গ্রুপ ‘সি’-এর লড়াইয়ে টিকে থাকতে এবং পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে হাইতির বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই সেলেসাওদের সামনে।
শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে দলের সেরা তারকা নেইমারকে পাওয়া যাবে না। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তিনি এখনও দলের বাইরে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। নেইমার না থাকায় কোচ কার্লো আনচেলত্তি একাদশে বড়সড় পরিবর্তনের কথা ভাবছেন।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তির কথা ও দলের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, আক্রমণভাগের মাঝখানে দেখা যেতে পারে ম্যাথিউস কুনিয়াকে। তার দুই পাশে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়াকে দিয়ে গতি বাড়ানোর চেষ্টা করবেন কোচ।
তবে তরুণ তুর্কি এন্ড্রিক বা গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে শুরু থেকে দেখার সম্ভাবনা থাকলেও, তাদের দ্বিতীয়ার্ধে মাঠে নামানোর সম্ভাবনাই বেশি।
মিডফিল্ডে অভিজ্ঞ ক্যাসেমিরোকে এ ম্যাচে বিশ্রাম দিতে পারেন কোচ। সেক্ষেত্রে ব্রুনো গিমারায়েসের সঙ্গে ফাবিনহোকে দেখা যেতে পারে। মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে নেমে নিজের লড়াকু মানসিকতার পরিচয় দেওয়া ফাবিনহোর ওপর এই ম্যাচে বেশ আস্থা রাখছেন কোচ।
রক্ষণভাগে মার্কিয়োনোস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের ওপরই ভরসা রাখছেন কোচ। আর গোলবারের নিচে বরাবরের মতোই থাকবেন অ্যালিসন বেকার।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, সান্তোস, ফাবিনহো, গিমারায়েস, পাকেতা, রাফিনিয়া, ভিনিসিয়ুস ও কুনিয়া।

স্পোর্টস ডেস্ক