একাদশে দুই পরিবর্তন এনে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল
২০২৬ ফুটবল বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেসব পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য সেলেসাওদের।
সেই লক্ষ্যে আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়।
মরক্কোর বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে খুশি ছিলেন না ব্রাজিল কার্লো আনচেলত্তি। যে কারণে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শুরুর একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। হাইতির বিপক্ষে একাদশেও সেটি দেখা গেল।
সর্বশেষ মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুর একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন আনচেলত্তি। রাইট-ব্যাকে রজার ইবানেজের জায়গায় দানিলোকে একাদশে ফিরিয়েছেন তিনি। পাশাপাশি আক্রমণভাগে ইগর থিয়াগোকে বেঞ্চে বসিয়ে ম্যাথিউস কুনিয়াকে আবারো শুরুর একাদশে ফিরিয়ে আনা হয়েছে।
কার্লো আনচেলত্তির দল টুর্নামেন্টের শুরুটা করেছে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে। তাই এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পাওয়াই তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে, হাইতি প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে। ফলে আজকের ম্যাচে ভালো ফল পেলে গ্রুপে টিকে থাকার আশা আরও শক্ত হবে তাদের।
ব্রাজিলের শুরুর একাদশ
অ্যালিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, ম্যাথিউস কুনিয়া, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক