মাঠ ছাড়লেন রাফিনিয়া, চিন্তার ভাঁজ ব্রাজিল শিবিরে
হাইতির বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে ব্রাজিল। তুলনামূলক দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে ব্রাজিল। প্রথমার্ধেই ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে গেছে সেলেসাওরা।
ম্যাচে আধিপত্য দেখালেও চিন্তারভাঁজ ব্রাজিল শিবিরে। কারণ প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন দারুণ ফর্মে থাকা ফরোয়ার্ড রাফিনিয়া। ম্যাচের ৪০তম মিনিটে শারীরিক সমস্যার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন বার্সেলোনার এই উইঙ্গার।
রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামানো হয় ইংলিশ ক্লাব বোর্নমাউথের তরুণ উইঙ্গার রায়ানকে। চোটের ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো না হলেও ব্রাজিলের মেডিকেল টিমকে তার অবস্থা পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
ম্যাচের শুরু থেকেই বেশ সক্রিয় ছিলেন রাফিনিয়া। ১২তম মিনিটে একবার বল জালেও পাঠিয়েছিলেন তিনি। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়।
এরপর ২২তম মিনিটে গোল করার সেরা সুযোগও পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। ডান দিক থেকে আসা দুর্দান্ত এক থ্রু পাস ধরে হাইতির গোলরক্ষকের মুখোমুখি হয়ে যান তিনি। গোলরক্ষককে পরাস্ত করতে চিপ শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয় সেই প্রচেষ্টা। প্রায় ফাঁকা পোস্ট পেয়েও গোলের দেখা পাননি রাফিনিয়া।
তবে রাফিনিয়ার হতাশা ব্রাজিলের খেলায় খুব বেশি প্রভাব ফেলেনি। বরং প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য দেখিয়ে তিন গোলের লিড নিয়েই বিরতিতে গেছে সেলেসাওরা।
২৩ ও ৩৬ মিনিটে জোড়া গোল করে দলের হয়ে পথ দেখান মাতেউস কুনহা। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়াস জুনিয়র। ফলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে স্বস্তিতেই আছে ব্রাজিল।
তবুও বড় জয় নিশ্চিত করার পথে থাকা আনচেলত্তির দলের জন্য সবচেয়ে বড় উদ্বেগ এখন রাফিনিয়ার চোট। বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে দলের অন্যতম গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড়কে হারানোর শঙ্কা নিশ্চয়ই ভাবাবে ব্রাজিল শিবিরকে।
এদিকে, আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন দলের সেরা তারকা নেইমার জুনিয়র। চোট থেকে ফিরে আসতে বর্তমানে পূর্নবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। গ্রুপ পর্বে পাওয়া যাবে না নেইমারকে।

স্পোর্টস ডেস্ক