রাফিনিয়াকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করায় তুমুল সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তারা। হাইতির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা। এ ম্যাচে বড় জয় পেলেও স্বস্তিতে নেই ব্রাজিল শিবির।
মূলত দলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়ার চোট দুঃশ্চিন্তা বাড়িয়েছে ব্রাজিল শিবিরে। হাইতির বিপক্ষে ম্যাচের ৪০তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর থেকেই ব্রাজিল সমর্থকরা অপেক্ষায় ছিলেন রাফিনিয়ার চোটের আপডেট জানার জন্য।
শনিবার রাফিনিয়ার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সিবিএফ জানিয়েছে, তার ডান উরুর হ্যামস্ট্রিংয়ে পেশির চোট ধরা পড়েছে। তবে তিনি কবে নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনই কোনো নিশ্চিত সময়সীমা জানায়নি কর্তৃপক্ষ।
তবে বিশ্বকাপের স্কোয়াড তেকে রাফিনিয়াকে বাদ দেওয়া হবে না বলে জানিয়েছে সিবিএফ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, রাফিনিয়া আপাতত দলের মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।
রাফিনহার এই চোট অবশ্য নতুন কিছু নয়। গত এক বছরে এই একই জায়গায় এটি তার চতুর্থবারের মতো চোট। এই পুরনো সমস্যার কারণেই গত মৌসুমে বার্সেলোনার হয়ে অনেকগুলো ম্যাচ তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছিল। গত মার্চে জাতীয় দলের হয়ে খেলার সময়ও একই চোটে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি।
দলের এই গুরুত্বপূর্ণ সতীর্থের চোটে স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিল শিবির। মিডফিল্ডার লুকাস পাকুয়েতা জানান, রাফিনহার মতো একজন খেলোয়াড়কে এভাবে চোটের কারণে হারানো দলের জন্য বড় ক্ষতি। পাকুয়েতা বলেন, ‘রাফিনহা আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। তার এই পরিস্থিতিতে আমরা সবাই তার পাশে আছি। আশা করছি চোট খুব বেশি গুরুতর নয় এবং সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবে।’

স্পোর্টস ডেস্ক