হাইড্রেশন ব্রেক নিয়ে আপত্তি, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক আর্জেন্টিনা কোচ
বিশ্বকাপের মঞ্চে এবার নতুন সংযোজন হাইড্রেশন ব্রেক। অতিরিক্ত গরম ও বৈরী আবহাওয়ার কারণে প্রথমবারের মতো ম্যাচের দুই অর্ধে একবার করে এই বিরতির নিয়ম চালু করেছে ফিফা। তবে নতুন এই নিয়ম নিয়ে ইতোমধ্যে ফুটবলার ও কোচদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাইড্রেশন ব্রেক নিয়ে নিজের মতামত তুলে ধরেন বিশ্বকাপজয়ী এই কোচ। যদিও নিয়মটির প্রয়োজনীয়তা অস্বীকার করেননি, তবুও ম্যাচের গতিপ্রকৃতিতে এর প্রভাব নিয়ে কিছুটা অস্বস্তির কথা জানিয়েছেন তিনি।
স্কালোনি বলেন, ২২-২৩ মিনিটের মধ্যে ম্যাচের অনেক কিছু বদলে যেতে পারে। আমাদের বিশ্লেষক দল তখন খেলার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় সমাধান খোঁজার চেষ্টা করে। এটি অনেকটা স্বাভাবিক বিরতির মতোই, যেখানে পরিস্থিতি মূল্যায়নের সুযোগ থাকে।
তার মতে, আক্রমণাত্মক ফুটবল খেলা দলগুলোর জন্য এই বিরতি বাড়তি সুবিধা তৈরি করতে পারে।
যারা আক্রমণ করতে চায়, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টাতে কিছু বিষয় পরিবর্তন করার সুযোগ থাকে। বিষয়টি এখনও কিছুটা অস্বাভাবিক মনে হয়। তবে ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি আরও বেশি আসে, তাহলে হয়তো সবাই অভ্যস্ত হয়ে যাবে, বলেন স্কালোনি।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবেই শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে আলবিসেলেস্তেরা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে সহজ কিছু দেখছেন না স্কালোনি।
অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে। ফলে গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।
প্রতিপক্ষের প্রশংসা করে স্কালোনি বলেন, অস্ট্রিয়ার দলে বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তারা খুবই সংগঠিত দল। প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারে এবং দ্রুতগতির আক্রমণভিত্তিক ফুটবল খেলে। আমরা তাদের ম্যাচ দেখেছি। তারা এমন একটি দল, যাদের অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে।
তিনি আরও বলেন, আমরা দু’দলই প্রথম ম্যাচ জিতেছি। তাই ম্যাচটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। গ্রুপপর্ব সবসময়ই কঠিন হয় এবং প্রতিটি ম্যাচ নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে।
টুর্নামেন্টের শুরুতে কয়েকটি অপ্রত্যাশিত ফলাফল দেখা গেলেও শেষ পর্যন্ত বড় দলগুলোই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে বলে বিশ্বাস স্কালোনির।
আর্জেন্টিনা কোচ বলেন, বড় দলগুলো শেষ পর্যন্ত নিজেদের অবস্থান তৈরি করে নেয়। এই বিশ্বকাপে অনেক দলই প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা রাখে। তাই এটি খুব কঠিন একটি আসর হতে যাচ্ছে। প্রতিটি দলের মতো আমাদেরও কিছু দুর্বলতা আছে। প্রতিটি কোচই প্রতিপক্ষের সেই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। আশা করি, আমাদের দুর্বল জায়গাগুলো প্রতিপক্ষের চোখ এড়িয়ে যাবে।
গ্রুপ ‘জে’-র গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। দুই দলেরই লক্ষ্য টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া।

স্পোর্টস ডেস্ক