দলের সঙ্গে ট্রেনিংয়ে ফিরে যা বললেন নেইমার
অবশেষে ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের জন্য প্রথমবারের মতো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। অনুশীলনে ফিরতে পেরে নিজের আনন্দ গোপন রাখতে পারেননি সেলেসাওদের এই পোস্টার বয়।
আরো পড়ুন : নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা
ডান পায়ের কাফের চোটে বিশ্বকাপ অভিযানের প্রথম দুটি ম্যাচে মাঠের বাইরে কাটাতে হয়েছিল নেইমারকে। তবে সুখবর হলো, বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডায় স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে মাঠে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
দলের সঙ্গে অনুশীলনে ফেরার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নেইমার লিখেছেন, ‘ধন্যবাদ ঈশ্বর। আমি ভীষণ আনন্দিত!’ দীর্ঘ সময় পর সতীর্থদের সঙ্গে যোগ দিতে পেরে তিনি যে কতটা উচ্ছ্বসিত, তা তার এই বার্তা থেকেই স্পষ্ট।
আরো পড়ুন : মাঠে নামছে আর্জেন্টিনা, অনলাইনে যেভাবে খেলা দেখবেন
নেইমারের ফেরা নিয়ে সতীর্থ লুকাস পাকুয়েতা বলেন, ‘তাকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা সবাই দারুণ খুশি। দলের জন্য নেইমার কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই আশা করছি, সে দ্রুত মাঠে নেমে আমাদের সাহায্য করবে।’
ব্রাজিলের জার্সি গায়ে ১২৯ ম্যাচে ৭৯ গোল করা নেইমার নিজের চতুর্থ বিশ্বকাপ খেলছেন। এটিই তার শেষ বিশ্বকাপ কি না—এমন প্রশ্নে পাকুয়েতা বলেন, ‘আমরা সবাই নেইমারের স্বপ্ন পূরণ হতে দেখতে চাই। হেক্সা জয়ের স্বপ্ন সত্যি করতে আমরা আমাদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত।’
আরো পড়ুন : পরিসংখ্যানে কারা এগিয়ে, আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া
বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোঁচট খেলেও হাইতিকে হারিয়ে ব্রাজিল এখন ছন্দে ফিরেছে। গ্রুপ ‘সি’-তে গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে ড্র করলেই নেইমারদের নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে।

স্পোর্টস ডেস্ক