ক্লোসার পাশে বসে মেসিকে তাড়া করছেন এমবাপ্পে
আগের ম্যাচেই অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে ভক্তদের মন জয় করেছেন লিওনেল মেসি। জোড়া গোলে গেড়েছেন ইতিহাস। সাবেক জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি।
চূড়ার সেই আসনে অবশ্য নির্বিঘ্নে থাকতে পারছেন না আর্জেন্টাইন তারকা। তাকে তাড়া করে ফিরছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। সর্বোচ্চ গোলের এই রেকর্ডে মেসিকে রীতিমতো চোখ রাঙানি দিচ্ছেন এমবাপ্পে।
মেসির উজ্জ্বল পারফরম্যান্সের পর ইরাকের বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। ঝড়-বৃষ্টিতে পরিবেশ খারাপ হলেও নিজের পারফরম্যান্সে এমবাপ্পে ছিলেন উজ্জ্বল। তিনিও জোড়া গোল করেছেন ইরাকের বিপক্ষে। এতে রেকর্ড গড়েছেন ফরাসি তারাকও।
বিশ্বকাপে ১৪টি গোল নিয়ে ইরাকের বিপক্ষে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। ম্যাচের ১৪তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে লিড এনে দেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেন ১৫-তে।
ম্যাচের ৫৪তম মিনিটে ইরাকের ভুল কাজে লাগিয়ে প্লেসিং শটে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এমবাপ্পে। এটি ছিল বিশ্বকাপে তার ১৬তম গোল। এই গোলেই নাম যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ক্লোসার পাশে বসেন এমবাপ্পে।
শুধু ক্লোসার পাশেই নয় লিওনেল মেসিকেও তাড়া করছেন এমবাপ্পে। দুজনের গোলের পার্থক্য এখন দুটি। ফ্রান্সও ইতোমধ্যে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে। তাই এমবাপ্পের সামনে সুযোগ থাকছে মেসিকে ছুঁয়ে ফেলার। অবশ্য নকআউটে কোয়ালিফাই করা মেসির সামনেও সুযোগ আছে ব্যবধান আরও বাড়ানোর।

স্পোর্টস ডেস্ক