রেকর্ড গড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি
বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে আগের ম্যাচেই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে বদলি হিসেবে নেমে দলকে জেতাতে পারেননি তিনি। সেই পারফরম্যান্স ভুলে দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রেকর্ডগড়া গোলে জয় এনে দিলেন মায়ামিকে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে লিগস কাপের ম্যাচে ঘরের মাঠে অ্যাতলেটিকো দে সান লুইসের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে মায়ামি।
মায়ামির জন্য অবশ্য ম্যাচের শুরুটা ছিল হাতাশার। শুরুতেই চমক দেখিয়েছিল মেক্সিকান লিগের দল অ্যাতলেটিকো দে সান লুইস। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে স্বাগতিক গ্যালারিকে স্তব্ধ করে এগিয়ে যায় তারা।
তবে তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১তম মিনিটে মায়ামিকে ম্যাচে ফেরান মেসি। বাঁ প্রান্ত থেকে নোয়া অ্যালেনের বাড়ানো বল জালে জড়িয়ে দেন মেসি। চলতি বছর বিশ্বকাপ থেকে ফিরে এটিই তার প্রথম গোল। এরপর ২৬তম মিনিটে সেগোভিয়া গোল করে মায়ামিকে ২-১ গোলের লিড দেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে আবারও ঝলক দেখান মেসি। অ্যালেনের ক্রসে বল পেয়ে দারুণ দক্ষতায় বক্সে ঢুকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। মায়ামি লিড পায় ৩-১ গোলের।
এই গোলের মাধ্যমেই রেকর্ড গড়েন মেসি। লিগস কাপে তার গোলসংখ্যা এখন ১৪টি। এই টুর্নামেন্টে তার চেয়ে বেশি গোল নেই আর কোনো ফুটবলারের। লিগস কাপের ইতিহাসে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে মায়ামির চতুর্থ গোলটিতেও দারুণ অবদান ছিল মেসির। তার নেওয়া কর্নার কিক থেকে হেডে গোল করেন মিকায়েল। ফলে প্রথমার্ধেই ৪-১ গোলের বড় ব্যবধান নিয়ে বিরতিতে যায় মায়ামি।
এরপর দ্বিতীয়ার্ধে খেলা থেমে যায় প্রকৃতির বাধায়। বৃষ্টির কারণে এই অর্ধের ২৫ মিনিট বন্ধ থাকে খেলা। আবার খেলা শুরু হলে মায়ামির জালে বল জড়িয়ে ব্যবধান ৪-২ করে অ্যাতলেটিকো দে সান লুইস। তবে, ম্যাচে আর ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

স্পোর্টস ডেস্ক