ব্রাজিল ম্যাচের আগে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর স্কটল্যান্ড
বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর স্কটল্যান্ড। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে নকআউট পর্ব। আর ড্র করলেও প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে। তাই দেশজুড়ে এখন একটাই প্রত্যাশা—ব্রাজিলের বিপক্ষে ইতিবাচক ফল।
ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে জড়ো হয়েছেন হাজার হাজার স্কটিশ সমর্থক। টার্টান আর্মির সদস্যদের বিশ্বাস, এবারের দলটি দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে। অনেকেই বলছেন, তারা ইতিহাস গড়ার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এবং এই ম্যাচটি হতে পারে স্কটিশ ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা।
সমর্থকদের অনেকের কাছেই ম্যাচটি শুধুই একটি ফুটবল লড়াই নয়, বরং অতীতের হতাশা ঘোচানোর সুযোগ। ১৯৯৮ সালের বিশ্বকাপে মরক্কো ও ব্রাজিলের কাছে হেরে বিদায় নেওয়ার স্মৃতি এখনও অনেকের মনে তাজা। এবারও মরক্কোর কাছে হার দিয়ে শুরু হলেও ব্রাজিলের বিপক্ষে ইতিবাচক ফল এনে সেই ইতিহাস বদলে দেওয়ার স্বপ্ন দেখছেন তারা।
স্কটল্যান্ডেও ম্যাচ ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। বড় বড় ভেন্যু, পাব ও ক্লাবে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। বিশেষ অনুমতিতে অধিকাংশ পাব ও ক্লাব স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় খোলা থাকবে। স্কটিশ বিয়ার অ্যান্ড পাব অ্যাসোসিয়েশনের ধারণা, শুধু গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকেই দেশটির পাব ও বারগুলো অতিরিক্ত প্রায় ৭ মিলিয়ন পাউন্ড আয় করতে পারে।
দুই ম্যাচ শেষে স্কটল্যান্ডের সংগ্রহ তিন পয়েন্ট। ব্রাজিলের বিপক্ষে জয় পেলে তারা সরাসরি শেষ ৩২ নিশ্চিত করবে। ড্র করলেও প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তবে হারলে স্টিভ ক্লার্কের দলকে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলাফলের দিকে। সেক্ষেত্রে সেরা তৃতীয় হওয়া দলগুলোর তালিকায় জায়গা ধরে রাখতে পারলেই মিলবে নকআউট পর্বের টিকিট।

স্পোর্টস ডেস্ক