ইউরোপীয় অভিজ্ঞতার সামনে আফ্রিকান শক্তি
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল ক্রোয়েশিয়া ও আফ্রিকার অন্যতম পরাশক্তি ঘানা। নকআউট পর্বের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করাই দল দুটির লক্ষ্য। বিশ্বমঞ্চে অভিজ্ঞতা ও ধারাবাহিক সাফল্যের কারণে এগিয়ে থাকলেও ঘানার গতি, শারীরিক সক্ষমতা ও পাল্টা আক্রমণের ধার ক্রোয়েশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বাংলাদেশ সময় শনিবার (২৭ জুন) দিনগত রাত ৩টায় শুরু হবে ম্যাচটি।
১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই তৃতীয় স্থান অর্জন করে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থানের জানান দেয় ক্রোয়েশিয়া। এরপর ২০১৮ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে রানার্সআপ এবং ২০২২ সালে তৃতীয় স্থান অর্জন করে তারা। লুকা মদরিচ, মাতেও কোভাচিচ, ইভান পেরিসিচের মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া দলটি বড় আসরে নিজেদের সামর্থ্যের প্রমাণ বহুবার দিয়েছে।
অন্যদিকে, ঘানা বিশ্বকাপে আফ্রিকার অন্যতম সফল দলগুলোর একটি। ২০০৬ সালে প্রথমবার অংশ নিয়েই শেষ ষোলোতে জায়গা করে নেয় ব্ল্যাক স্টার্স। এরপর ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ে তারা। যদিও উরুগুয়ের বিপক্ষে নাটকীয় টাইব্রেকারে বিদায় নিতে হয়। এবারও থমাস পার্টে, জর্ডান আয়েউ, ইন্যাকি উইলিয়ামস, কামালদিন সুলেমানা ও আর্নেস্ট নুয়ামাহদের নিয়ে শক্তিশালী একটি দল গড়েছে ঘানা।
মাঝমাঠে লুকা মদরিচ ও মাতেও কোভাচিচের অভিজ্ঞতার বিপরীতে নেতৃত্ব দেবেন থমাস পার্টে। আর আক্রমণে ইভান পেরিসিচ ও আন্দ্রেই ক্রামারিচের বিপক্ষে ইন্যাকি উইলিয়ামস ও কামালদিন সুলেমানাদের গতি ম্যাচটিকে আরও উপভোগ্য করে তুলতে পারে। ইউরোপীয় অভিজ্ঞতা ও আফ্রিকান শক্তির এই লড়াইয়ে কৌশল, শৃঙ্খলা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিতে পারে।
সম্ভাব্য একাদশ
ক্রোয়েশিয়া: ডমিনিক লিভাকোভিচ, যোসিপ স্তানিসিচ, যোসিপ সুতালো, যোশকো গভার্দিওল, দুয়ে চ্যালেতা-চার, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, মারিও পাশালিচ, আন্দ্রেই ক্রামারিচ, আন্তে বুদিমির, ইভান পেরিসিচ।
ঘানা: লরেন্স আতি জিগি, আলিদু সেইদু, আবদুল মুমিন, জেরোম ওপোকু, গিডিওন মেনসাহ, থমাস পার্টে, এলিশা ওউসু, আর্নেস্ট নুয়ামাহ, কামালদিন সুলেমানা, জর্ডান আয়েউ, ইন্যাকি উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক