সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : ইংল্যান্ডকে কী চমক দেখাবে পানামা?
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হেয়ে গেছে পানামার। তাই আর তাদের হারানোর কিছু নেই। শেষ ম্যাচে এখন লক্ষ্য অন্তত একটি জয় তুলে নিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেওয়া। সেজন্য অবশ্য তাদের অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। লড়তে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।
আজ শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সিতে ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি।
শক্তি-সামর্থ্য কিংবা ইতিহাস-ঐতিহ্য-- সবকিছুতেই পানামার চেয়ে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। তবে এ ম্যাচে চাপ আছে ইংলিশদের জন্য। জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে হবে, জায়গা করে নিতে হবে গ্রুপের শীর্ষস্থানে।
এবারের বিশ্বকাপে বেশ আলোচনায় এসেছে ‘অপ্টা সুপারকম্পিউটার’। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ফলাফল আগেই ভবিষ্যদ্বাণী করেছে তারা। যার বেশ কিছু মিলেও গেছে। ইংল্যান্ড-পানামার এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে তারা।
২৫ হাজার বার সিমুলেশন করার পর অপ্টার সুপারকম্পিউটার অবশ্য রায় দিয়েছে ইংল্যান্ডের পক্ষেই। সুপারকম্পিউটার জানিয়েছে, এই ম্যাচে ইংল্যান্ডের জয় সম্ভাবনা ৮১ শতাংশ। বিপরীতে, পানামার সম্ভাবনা ৬.৯ শতাংশ আর ড্রয়ের সম্ভাবনা ১২.১ শতাংশ।
তবে মাঠের বাইরের পরিসংখ্যানই সব নয়। বিশ্বমঞ্চে অঘটনের নজির বেশ পুরোনো। এবারের বিশ্বকাপে বিস্ময় হয়ে ধরা দিয়েছে অনেক ছোট দল। ফলে পানামাকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই ইংল্যান্ডের। চমক দেখাতে পারে আমেরিকার এই দেশটিও।

স্পোর্টস ডেস্ক