মেসিবিহীন আর্জেন্টিনাও উড়ছে আপন গতিতে
গ্রুপের শীর্ষে থেকে নকআউট আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল স্রেফ নিয়মরক্ষার। এমন ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতেই মনযোগ দিলেন কোচ। মুল একাদশের বেশির ভাগ ফুটবলারকে বেঞ্চে রেখে একাদশ মাঠে নামালেন। তাতে অবশ্য মাঠের খেলায় কোনো ছাপ পড়ল না। শুরু থেকেই বল দখলে রেখে জর্ডানের ওপর চড়াও হলো আলবিসেলেস্তেরা।
আজ রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের ডালাসে জর্ডানের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে একচ্ছত্র আধিপত্য দেখায় আর্জেন্টিনা। এই অর্ধে ৭৪ শতাংশ বল দখলে রেখে গোলে জন্য ৫টি শট নিয়েছে তারা। যার লক্ষ্যে ছিল ৩টি। বিপরীতে, ২৬ শতাংশ বল দখলে রেখে ৩টি শট নিয়েছে জর্ডান। তবে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি তারা।
ম্যাচের ১৩তম মিনিটে ডানদিক থেকে আসা কর্ণার কিকে মাথা ছুঁইয়েছিলেন নিকোলাস ওতামেন্ডি। কিন্তু তার হেড চলে যায় গোলবারের অনেক ওপর দিয়ে।
১৭তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। ফ্রি-কিক থেকে বাঁকানো শটে দারুণ ফিনিশিংয়ে সরাসরি গোল করেন জিওভান্নি লোসেলসো। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
ম্যাচের ২৭তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। প্রথম দফা লাউতারো মার্টিনেজের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে অনেকটা নিচু হয়ে হেড করতে গিয়েছিলেন মার্কোস সেনেসি। জর্ডানের ডিফেন্ডার নিজার আল-রাশদান বল ক্লিয়ার করতে গেলে মুখে শট লাগে সেনেসির।
রেফারি ভিএআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত জানান। পেনাল্টি থেকে সফল স্পট কিকে দ্বিতীয় গোল তুলে নেন লাউতারো মার্টিনেজ।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একবার গোলবারের বাধায় হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। সেটপিস থেকে ডি-বক্সে উড়ে আসা বলে মাথা ছুঁইয়েছিলেন ওতামেন্ডি। দূরের পোস্টে গোলবারে লেগে বল বাইরে চলে যায়। ফলে ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যেতে হয় আর্জেন্টিনাকে।

স্পোর্টস ডেস্ক