ফ্রান্স নাকি সুইডেন, কারা জিতবে? জানাল সুপারকম্পিউটার
২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স। ইতোমধ্যে টুর্নামেন্টের নিজেদের সেই জানানটা দিয়েছে ফরাসিরা। গ্রুপসেরা হয়ে পা রেখেছে শেষ ৩২- এ। এবার শেষ ষোলোর টিকিট কাটার জন্য মাঠে নামবে দিদিয়ের দেশমের দল। যেখানে তাদের প্রতিপক্ষ সুইডেন।
আজ মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স আর সুইডেন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি, মাই এয়ারটেল অ্যাপে।
গ্রুপপর্বে দাপুটে ফুটবল খেলেছে দিদিয়ে দেশমের দল। সেনেগাল, ইরাক ও নরওয়েকে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ আইয়ের শীর্ষে থেকে নকআউটে উঠেছে লে ব্লুরা। ১৯৯৮ সালের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টের গ্রুপপর্বে সব ম্যাচ জয়ের কীর্তি গড়েছে ফ্রান্স।
অন্যদিকে, আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকলেও সুইডেন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। নেদারল্যান্ডস ও জাপানের পেছনে থেকে নকআউট নিশ্চিত করলেও গ্রুপপর্বে সাত গোল করে তারা বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সেরা গ্রুপপর্বের গোলসংখ্যা গড়েছে।
সবমিলিয়ে ম্যাচটি দারুণ উত্তেজনাপূর্ণ হবে বলেই ধারণা করা হচ্ছে। দুই দলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা হাসবে, সেটি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টার সুপারকম্পিউটার। ২৫ হাজারবার সিমুলেশন করার পর জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সেরই জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।
অপ্টার সুপারকম্পিউটারের তথ্য মতে, নির্ধারিত সময়ে এমবাপ্পেদের জয়ের সম্ভাবনা ৭৫.১ শতাংশ। বিপরীতে, সুইডেনের জয়ের সম্ভাবনা মাত্র ৯.৫ শতাংশ আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা পেনাল্টি শুটআউটে গড়ানোর সম্ভাবনা ১৫.৪ শতাংশ।
তবে সামগ্রিকভাবে, এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম হট-ফেভারিট ফ্রান্সের পরবর্তী রাউন্ডে (কোয়ার্টার ফাইনাল) যাওয়ার সম্ভাবনা ৮২.৬ শতাংশ। অন্যদিকে, সুইডেনের সম্ভাবনা মাত্র ১৭.৪ শতাংশ।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ফ্রান্স। সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ফ্রান্স জিতেছে ১২টি ম্যাচ। বিপরীতে, সুইডেনের জয় ৬টি ম্যাচে আর ড্র হয়েছে বাকি ৫টি ম্যাচ। তবে বিশ্বমঞ্চে এটাই দুই দলের প্রথম দেখা। এর বাইরে ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের শেষ ছয়টি ম্যাচের সবকটিতেই জিতেছে ফ্রান্স।

স্পোর্টস ডেস্ক