ইকুয়েডরের ওপর প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য মেক্সিকোর
বজ্রঝড়ের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেছে স্বাগতিক মেক্সিকো। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বিরতিতে ইকুয়েডরের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে রয়েছে তারা।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে মেক্সিকো। মাত্র নয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় স্বাগতিকরা। প্রথমে বাঁ দিক দিয়ে দারুণ দৌড়ে এসে গোল করেন হুলিয়ান কুইনোনেস। এরপর আলগা বল কেড়ে নিয়ে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেস।
প্রথমার্ধে মেক্সিকোর গতি আর আক্রমণের সঙ্গে ঠিকমতো পাল্লা দিতে পারেনি ইকুয়েডর। তবে কয়েকটি ভালো সুযোগও পেয়েছিল তারা। জন ইয়েবোয়ার একটি শট পোস্টে লাগে। আরেকটি নিশ্চিত গোলের সুযোগ দারুণভাবে ঠেকিয়ে দেন মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেল।
প্রথমার্ধ শেষে ২–০ গোলে এগিয়ে থাকায় শেষ ষোলোর পথে ভালো অবস্থানে রয়েছে মেক্সিকো। অন্যদিকে ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেতে হবে ইকুয়েডরকে।

স্পোর্টস ডেস্ক