আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে, কারা জিতবে? ভবিষ্যদ্বাণী করল সুপারকম্পিউটার
শক্তি-সামর্থ্য কিংবা ফুটবলীয় সংস্কৃতি-- সবদিক থেকেই এ ম্যাচে স্পষ্টভাবেই এগিয়ে রাখা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। পরিসংখ্যানও তাই বলছে। যদিও গ্রুপ পর্বে চমক দেখিয়ে আসা কেপ ভার্দেকে সহজভাবে নিচ্ছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪ টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসিকে ঘিরেই এগোচ্ছে আলবিসেলেস্তেদের অভিযান। এবারের আসরে এখন পর্যন্ত দলের করা ৭ গোলের মধ্যে ৬টিই এসেছে মেসির পা থেকে। তাকে সহায়তা করছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা ছিল একেবারেই অপ্রতিরোধ্য। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নেয় তারা।
অন্যদিকে, এই বিশ্বকাপের বড় চমক কেপ ভার্দে। কোনো ম্যাচ না জিতেও ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে আফ্রিকার দলটি। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র, উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের বিপক্ষে আরেকটি ড্র তাদের লড়াকু মানসিকতার প্রমাণ।
তবে নকআউট পর্বে এসে সমীকরণ একটাই। জয় না হলে বিদায়। তাই আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে কেপ ভার্দে। আলোচিত এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টার সুপারকম্পিউটার।
২৫ হাজার বার সিমুলেশন করার পর অপ্টা সুপারকম্পিউটার জানিয়েছে, এ ম্যাচে স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৩.৫ শতাংশ। বিপরীতে, কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ৫.৩ শতাংশ।
অন্যদিকে, ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ১১.২ শতাংশ। তবে সামগ্রিকভাবে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৯.৮২ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ১০.১৮ শতাংশ।

স্পোর্টস ডেস্ক