হালান্ডকে থামাতে কোন পরিকল্পনা নিচ্ছে ব্রাজিল?
নরওয়ের বিপক্ষে আর্লিং হালান্ডকে কীভাবে সামলাতে হবে, সে বিষয়ে নিজের ডিফেন্ডারদের আলাদা করে কিছু শেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের ফুটবলাররা জানেন, কীভাবে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হয়, এমনটিই মনে করেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার মনে হয় না তাকে থামানোর বিশেষ কোনো পরিকল্পনা বলে কিছু আছে। তাকে কীভাবে মোকাবিলা করতে হবে, আমার ডিফেন্ডারদের তা আলাদা করে বোঝানোর কিছু নেই। তারা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে।’
টুর্নামেন্টে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা হালান্ড এবার মুখোমুখি হবেন পরিচিত প্রতিপক্ষ গ্যাব্রিয়েল মাগালহায়েসের। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার এবং আর্সেনালের এই সেন্টারব্যাক নিউ জার্সিতে আবারও তাদের প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে শুরু করবেন। বাজি থাকবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার টিকিট।
ব্রাজিলের আরেক সেন্টারব্যাক ও অধিনায়ক মারকুইনহোসও চ্যাম্পিয়ন্স লিগে একাধিকবার হালান্ডের মুখোমুখি হয়েছেন।
ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও হালান্ডের সঙ্গে পরিচিত। নিউক্যাসল ইউনাইটেডে খেলার সময় নরওয়েজিয়ান তারকার বিপক্ষে খেলেছেন তিনি। হালান্ডের কাছে বল পৌঁছানোর পথ বন্ধ করাই হবে গিমারায়েসের অন্যতম প্রধান দায়িত্ব।
অন্যদিকে, নরওয়ের আক্রমণের মূল ভরসা হালান্ড। টানা ম্যাচে গোল করার ধারাবাহিকতাও ধরে রেখেছেন তিনি, যা নরওয়ের জন্য বড় আশার জায়গা।

স্পোর্টস ডেস্ক