বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে দুই ব্রাজিল তারকা
বিশ্বকাপের নকআউট পর্বে জয় আর পরাজয়ের লড়াইয়ের পাশাপাশি ফুটবলারদের এখন আরেকটি বাড়তি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে—নিষেধাজ্ঞার ভয়। কার্ডের হিসাব না কষলে দল পরের রাউন্ডে গেলেও পড়তে হবে নিষেধাজ্ঞার খড়গে।
আজ রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল আর নরওয়ে। এই ম্যাচে শাস্তির ঝুঁকিতে রয়েছেন ব্রাজিল দলের দুই তারকা—অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো, ডিফেন্ডার দানিলো। তাদের সঙ্গে ঝুঁকিতে রয়েছেন নরওয়ের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্তনিও নুসাও।
ফিফার নিয়ম অনুযায়ী, আজকের ম্যাচে যদি এই তিনজনের কেউ হলুদ কার্ড দেখেন, তাহলে দল কোয়ার্টার ফাইনালে উঠলেও তারা পরবর্তী ম্যাচে মাঠের বাইরে থাকবেন।
ব্রাজিল তাদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের জয় পায়। সেই ম্যাচে জাপানের পাল্টা আক্রমণ ঠেকাতে গিয়ে হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার দানিলো ও অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। এখন নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে তাদের বেশ সতর্কভাবে খেলতে হবে, যাতে নতুন কোনো কার্ড না দেখতে হয় তাদের।
অন্যদিকে, নরওয়ের জন্য অ্যান্তোনিও নুসার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, তা আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচেই প্রমাণিত হয়েছে। ওই ম্যাচে প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে দেওয়া নুসা ৪৫তম মিনিটে হলুদ কার্ড দেখেন। আজকের ম্যাচেও তাকে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ, আর্লিং হালান্ডদের আক্রমণভাগের অন্যতম ভরসা তিনি।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে এসে নিষেধাজ্ঞার ঝুঁকি অনেক বেড়ে গেছে। এবারের বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নেওয়ায় নকআউট পর্বে বাড়তি একটি রাউন্ড যোগ হয়েছে।
নিয়মানুযায়ী, ভিন্ন দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে খেলোয়াড়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। যদিও গ্রুপ পর্বের কার্ডগুলো নকআউট শুরুর আগে বাতিল (রিসেট) হয়ে গিয়েছিল, কিন্তু এখন নকআউটের যেকোনো দুই ম্যাচে হলুদ কার্ড পেলেই সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

স্পোর্টস ডেস্ক