বর্ণবাদী মন্তব্য করা সিনেটরকে কড়া জবাব এমবাপ্পের
কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্যারাগুয়ের এক সিনেটরের বর্ণবাদী মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। ঘটনার জেরে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন এমবাপ্পে নিজেই, পাশাপাশি আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলা ম্যাচ শেষে এমবাপ্পেকে উদ্দেশ্য করে একাধিক অবমাননাকর ও বর্ণবাদী মন্তব্য করেন। তার মন্তব্যে ব্যক্তিগত আক্রমণ, বর্ণবিদ্বেষ ও অপমানজনক ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে।
এমন পরিস্থিতিতে নীরব থাকেননি এমবাপ্পে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি তীব্র ভাষায় ওই সিনেটরের সমালোচনা করেন। তিনি বলেন, ‘এই ধরনের মন্তব্য কেবল একজন ব্যক্তিকেই নয়, পুরো একটি দেশ ও খেলাধুলার মানসিকতাকেই ক্ষতিগ্রস্ত করে।’
এমবাপ্পে স্পষ্ট করে দেন, বর্ণবাদ ও ঘৃণার বিরুদ্ধে তার অবস্থান সবসময় কঠোর থাকবে। তিনি আরও বলেন, ‘এমন মানুষদের কখনোই ঘৃণা ছড়ানোর স্বাধীনতা দেওয়া উচিত নয়।’
ঘটনার পর আনুষ্ঠানিক বিবৃতি দেয় ফ্রান্স ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানায়, এই ধরনের বর্ণবাদী মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। তারা এ বিষয়ে প্রসিকিউটরের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।
ফরাসি ফেডারেশন আরও জানায়, তারা দলের অধিনায়ক এমবাপ্পে এবং সব খেলোয়াড়ের পাশে রয়েছে। একই সঙ্গে বর্ণবাদ ও ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারা।
বিবৃতিতে বলা হয়, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের প্রতিনিধিত্ব করে। তাই তাদের বিরুদ্ধে এমন মন্তব্য পুরো দেশের প্রতি অবমাননার শামিল।

স্পোর্টস ডেস্ক