ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ
বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে ইতিহাস গড়ছে মরক্কো। এবার তাদের সামনে আরও কঠিন পরীক্ষা শক্তিশালী ফ্রান্স। তবে মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে বড় ধাক্কাই খেল আটলাস লায়ন্সরা। দলের সবচেয়ে নির্ভরযোগ্য আক্রমণভাগের ফুটবলার ইসমাইল সাইবারিকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে হবে মরক্কোকে। হ্যামস্ট্রিং চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারায় এই ম্যাচে খেলতে পারছেন না ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শেষ ষোলোয় কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে মাত্র ২২ মিনিট খেলেই চোট নিয়ে মাঠ ছাড়েন সাইবারি। তখনই তার ইনজুরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। পরে মেডিকেল পরীক্ষা ও এমআরআই স্ক্যানে নিশ্চিত হয়। চোট গুরুতর না হলেও ফ্রান্সের বিপক্ষে মাঠে ফেরার মতো ফিট হয়ে ওঠেননি তিনি।
মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি সংবাদ সম্মেলনে সাইবারির না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাইবারি ছাড়া সবাই প্রস্তুত। এই ম্যাচটি তার জন্য একটু বেশিই তাড়াতাড়ি চলে এসেছে।’
দল সেমিফাইনালে উঠতে পারলে টুর্নামেন্টের পরের ধাপে তাকে পাওয়া যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই কোচ।
চলতি বিশ্বকাপে মরক্কোর সাফল্যের অন্যতম কারিগর সাইবারি। গ্রুপ পর্বে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে গোল করেছেন তিনি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে স্নায়ুচাপ সামলে গুরুত্বপূর্ণ পেনাল্টিও জালে জড়ান। তাই তার অনুপস্থিতি মরক্কোর আক্রমণভাগে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
তবে সব খবর খারাপও নয়। চোট কাটিয়ে ডিফেন্ডার শাদি রিয়াদের ফেরার সম্ভাবনা রয়েছে। ফলে রক্ষণভাগে কিছুটা স্বস্তি নিয়ে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াইয়ে নামবে আফ্রিকার প্রতিনিধিরা।

স্পোর্টস ডেস্ক