ইংল্যান্ড-নরওয়ে ম্যাচে সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কার পক্ষে?
২৮ বছর পর বিশ্বকাপে ফিরে চমক দেখিয়েছে নরওয়ে, প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। সেই যাত্রায়ও হারিয়ে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সেই দলের সামনে অপেক্ষা করছে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল ইংল্যান্ড। ফলে দুই দলের লড়াই রূপ নিচ্ছে ভিন্ন এক মাত্রায়।
আজ শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় শক্তি ইংল্যান্ড ও নরওয়ে। কাগজে-কলমে ইংল্যান্ডকে এগিয়ে রাখা হলেও, পরিসংখ্যান বলছে এবারের আসরের সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এটিই।
ম্যাচটি আরও বেশি আলোচনায় জায়গা করে নিচ্ছে, কারণ ইংল্যান্ড আর নরওয়ের এই ম্যাচের জয়ী দলের খেলার সম্ভাবনা আর্জেন্টিনার সঙ্গে (যদি আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সঙ্গে জয়ী হয়)। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে গাণিতিক হিসাব প্রকাশ করেছে অপ্টার সুপারকম্পিউটার। যেখানে স্পষ্ট এগিয়ে রেখেছে ইংল্যান্ডকে।
সুপারকম্পিউটারের তথ্যানুযায়ী, ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬১.৭ শতাংশ। অন্যদিকে, প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের সম্ভাবনা ৩৮.৪ শতাংশ।
দুই দলের অতীত পরিসংখ্যান অবশ্য ইংল্যান্ডের পক্ষেই কথা বলছে। ১২ বারের দেখায় নরওয়ে জিতেছে মাত্র দুবার, আর সর্বশেষ চার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কোনো গোলই করতে পারেনি তারা।
তবে এই সংখ্যাকে ভুল প্রমাণ করতে প্রস্তুত নরওয়ে। টুর্নামেন্টের শুরু থেকেই আর্লিং হলান্ডের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন এই স্ট্রাইকার। টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার অনন্য রেকর্ডও আছে তার ঝুলিতে। বিপরীতে, ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম। কেইন ইতোমধ্যে ৬ গোল করে আছেন হলান্ডের ঠিক পেছনেই, আর বেলিংহ্যাম করেছেন ৪টি গোল।
নরওয়ের এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে হারলেও, পরবর্তীতে ব্রাজিল ও আইভরি কোস্টকে হারিয়ে তারা শেষ আটে জায়গা করে নিয়েছে। পুরো টুর্নামেন্টে ১২ গোল করার বিপরীতে ৯ গোল হজম করেছে নরওয়ে। অন্যদিকে, শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয়ে ইংল্যান্ড দেখিয়েছে তাদের জয়ের জন্য মানসিক দৃঢ়তা।
ইংল্যান্ডের জন্য ১১তম বারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার অভিজ্ঞতা থাকলেও অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। আগের ১০বারের প্রচেষ্টায় তারা সেমিফাইনালে উঠতে পেরেছে মাত্র তিনবার। তবে এবার টমাস টুখেলের অধীনে শিরোপার স্বপ্ন দেখছে থ্রি লায়ন্সরা।

স্পোর্টস ডেস্ক