মেসিকে আটকানোর কৌশল জানালেন ইংলিশ তারকা
সময় যত ঘনিয়ে আসছে, আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের উত্তাপ তত ছড়িয়ে পড়েছে। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে কঠিন পথ। ইংল্যান্ডের লড়াইটাও কঠিন। ৬০ বছরের শিরোপাখরা কাটানোর আগে পার করতে হবে আলবিসেলেস্তেদের চ্যালেঞ্জ। এই লড়াইয়ে থ্রি লায়ন্সদের সবচেয়ে বড় মাথাব্যথা লিওনেল মেসি।
নির্ভুলভাবে ছুটে চলা মেসি তার দলের মূল শক্তি। তিনি দুর্বলতাও হতে পারেন, এমনটি মনে করেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনি। বিবিসি স্পোর্টকে রুনি জানান, রক্ষণে দুর্বলতা হতে পারেন মেসি।
রুনি বলেন, ‘রক্ষণভাগে মেসি আর্জেন্টিনার জন্য দুর্বলতা হতে পারেন। কারণ তিনি খুব একটা নিচে নেমে ডিফেন্সে সাহায্য করেন না। তবে আক্রমণে তার উপস্থিতিই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়।’
‘জুড বেলিংহামের মতোই মেসিরও বড় মুহূর্ত তৈরি করার ক্ষমতা আছে। খেলার নির্দিষ্ট সময়গুলোতে তিনি হঠাৎ জ্বলে ওঠেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ম্যাচের ফল নির্ধারণ করে দেন’—যোগ করেন রুনি।
মেসিকে সামলানো নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই স্ট্রাইকার। রুনির মতে, মেসিকে মার্ক করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন মনোযোগ ও দলগত সমন্বয়—‘সতীর্থদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হবে এবং অনেক সময় এমন পজিশন কাভার করতে হবে, যেটা স্বাভাবিকভাবে একজন খেলোয়াড়ের দায়িত্বের মধ্যে পড়ে না।’

স্পোর্টস ডেস্ক