নরওয়েতে রাজসিক সংবর্ধনা পেলেন হালান্ডরা
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশের মাটিতে বীরের মতো সংবর্ধনা পেয়েছেন আর্লিং হালান্ডরা। রাজধানী অসলোতে ফেরার পর হাজারও উচ্ছ্বসিত সমর্থক তাদের স্বাগত জানায়। হাসিমুখে বরণ করে নেয় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস লেখা তারকাদের।
চলমান বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে। শেষ ষোলোতে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে চমক দেখালেও পরে ইংল্যান্ডের কাছে হেরে থেমে যায় তাদের যাত্রা।
গোটা আসরে দারুণ পারফরম্যান্স করেন দলটির তারকা স্ট্রাইকার হালান্ড। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের হয়ে তিনি করেন ৭টি গোল, যা তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
দলটি দেশে ফেরার সময় আকাশে তাদের বিমানকে নিরাপত্তা দেয় নরওয়ের সামরিক জেট। অসলোতে অবতরণের পর রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়। সেই সংবর্ধনায় যোগ দেন রাজপরিবারের সদস্যরাও। ক্রাউন প্রিন্স হাকন নিজে নেতৃত্ব দেন ‘ভাইকিংস রো’ উদযাপনে, যা এই বিশ্বকাপে নরওয়ে দলের বিশেষ উদযাপন হিসেবে পরিচিতি পায়।
খেলোয়াড়দের জন্য আয়োজন করা হয় ওপেন বাস প্যারেড। পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশে সমর্থক ও খেলোয়াড়রা একে অপরকে ধন্যবাদ জানান স্মরণীয় একটি গ্রীষ্ম উপহার দেওয়ার জন্য।

স্পোর্টস ডেস্ক