ইয়ামালের চোট নিয়ে সর্বশেষ যা জানা গেল
বিশ্বকাপের মহারণের আগে বড় স্বস্তির খবর পেল স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালকে সামনে রেখে তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি অনেকটাই কেটে গেছে। সর্বশেষ আপডেটে জানা গেছে, ইয়ামাল পুরোপুরি ফিট এবং ম্যাচের শুরুর একাদশেই থাকছেন।
স্পেন শিবিরে উদ্বেগ তৈরি হয় যখন সেমিফাইনালের পর অনুশীলনে পুরোপুরি অংশ নেননি এই উইঙ্গার। পেশিতে অস্বস্তির কারণে তিনি আলাদা করে ট্রেনিং করেন, এমনকি তার উরুতে ব্যান্ডেজও দেখা যায়। এতে ফাইনালে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও কোচিং স্টাফ শুরু থেকেই বিষয়টিকে গুরুতর হিসেবে দেখেনি। তারা জানিয়েছে, এটি ছিল শুধুই সতর্কতামূলক ব্যবস্থা এবং ম্যাচের আগে বাড়তি চাপ এড়াতেই ইয়ামালকে আলাদা রাখা হয়েছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইয়ামালের চোট তেমন গুরুতর নয় এবং তিনি পুরোপুরি ম্যাচ ফিট। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও ইঙ্গিত দিয়েছেন, ইয়ামাল ফাইনালে শুরুর একাদশে থাকবেন।
মাত্র ১৯ বছর বয়সী ইয়ামাল ইতোমধ্যেই স্পেন দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণ তৈরির ক্ষমতা স্পেনের খেলার বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

স্পোর্টস ডেস্ক