ফাইনালে হারের পর আবেগঘন বার্তা আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা দলের তরুণ মিডফিল্ডার নিকো পাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নিজের সর্বোচ্চ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি পাজ। তবে ম্যাচ শেষে দলের অন্য খেলোয়াড়রা যখন কোনো মন্তব্য না করেই নীরবে স্টেডিয়াম ছাড়েন, ঠিক তখনই নিজের অনুভূতি প্রকাশ করেন তরুণ এই ফুটবলার।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে পাজ লেখেন, ‘আজকের দিনেও আমি গর্বিত এই দেশ, এই দলকে প্রতিনিধিত্ব করতে পেরে। এমন একটি দলের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ, যারা প্রতিটি মূহুর্তে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর্জেন্টিনায় বিশ্বকাপ ফিরিয়ে আনতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব।’
২০০৪ সালে স্পেনের তেনেরিফে জন্ম নেওয়া নিকো পাজ এই ফাইনালে এক ভিন্ন ইতিহাসের অংশ হয়েছেন। তিনিই প্রথম ফুটবলার, যিনি নিজের জন্মভূমির বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
স্পেনে বেড়ে ওঠা এবং সেখানকার ফুটবল কাঠামোতে গড়ে উঠলেও ছোটবেলা থেকেই আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন দেখতেন তিনি।
এক সাক্ষাৎকারে পাজ জানান, তার বাবা ছোটবেলা থেকেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। দূরে থেকেও দেশের প্রতি সেই টানই তাকে আলবিসেলেস্তেদের জার্সি বেছে নিতে অনুপ্রাণিত করেছে।

স্পোর্টস ডেস্ক