নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ উইলিয়ামসের
চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই ট্রফি উৎসর্গ করেন পরিবার, সতীর্থ কিংবা দেশের মানুষকে। কিন্তু স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস বেছে নিলেন নিজের শৈশবের সবচেয়ে বড় অনুপ্রেরণাকে। শিরোপা জয়ের আনন্দে ব্রাজিলিয়ান তারকা নেইমারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অর্জনের একটি অংশ তাকে উৎসর্গ করেছেন তিনি।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। সেই গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নিকো উইলিয়ামসের। তার নিখুঁত হেড থেকে বল পেয়ে জালে বল জড়ান ফেরান, আর তাতেই বিশ্বকাপ ট্রফি ওঠে স্পেনের হাতে।
ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আবেগঘন প্রতিক্রিয়া জানান নিকো। তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি তিনি আমাদের এই ম্যাচ দেখেছেন। এই শিরোপার একটি অংশ আমি তাকে উৎসর্গ করছি।’
ফাইনালজুড়ে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রাণভোমরা ছিলেন উইলিয়ামস। অতিরিক্ত সময়ের প্রথম ভাগে একবার বল জালেও পাঠিয়েছিলেন তিনি। তবে সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে ভিএআরের সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়ে যায়। গোলটি বাতিল হলেও নিজের আত্মবিশ্বাস হারাননি স্প্যানিশ এই উইঙ্গার। কিছুক্ষণ পরই দুর্দান্ত এক হেড পাসে ফেরান তোরেসকে গোলের সুযোগ তৈরি করে দিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন।
নিজের বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। তার ভাষায়, ‘গোলটি বাতিল হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বিশ্বকাপ জিতেছি। দলের সাফল্যের কাছে ব্যক্তিগত অর্জন বা হতাশার কোনো মূল্য নেই।’
পুরো বিশ্বকাপজুড়েই ধারাবাহিক পারফরম্যান্সে স্পেনের আক্রমণের অন্যতম ভরসায় পরিণত হয়েছিলেন নিকো উইলিয়ামস। ফাইনালেও নিজের গতিময়তা, সৃজনশীলতা ও আত্মত্যাগী পারফরম্যান্সে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তে নেইমারের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্পোর্টস ডেস্ক