মিরাজের স্পিন বিষে নীল হচ্ছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিন সকালে লক্ষ্য ছিল দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া। সেই লক্ষ্যেও সফল বাংলাদেশ। এবার মেহেদী হাসান মিরাজের স্পিন বিষে নীল হচ্ছে স্বাগতিক ব্যাটাররা। দিনের শুরুতেই তিন উইকেট তুলে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।
আজ রোববার (১৬ আগস্ট) ডারউইন টেস্টের চতুর্থ দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এখনও পিছিয়ে আছে ২ রানে। ১৫৪ বলে ৭৩ রানে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন আর ১৪ বলে ৮ রানে মিচেল স্টার্ক।
৬ উইকেট হাতে রেখে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আগের দিন শেষ বিকেলে জুটি গড়ে অসিদের রক্ষা করা ক্যামেরন গ্রিন আর অ্যালেক্স ক্যারির কাঁধে দায়িত্ব ছিল সকালটা পার করার। তবে সেই সুযোগ দেননি মিরাজ। দিনের সপ্তম ওভারেই ক্যারিকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান। ৭২ বলে ৩০ রান করে ক্যারি ফিরলে ভাঙে ৫৬ রনানের জুটি।
পরের দুই ব্যাটারকেও সুযোগ দেননি মিরাজ। বেউ ওয়েবস্টার উইকেটে এসে দেখেশুনে শুরু করেছিলেন। কিন্তু বাংলাদেশের জন্য হুমকি হওয়ার আগেই তাকে সাজঘরের পথ দেখান মিরাজ। ২১ বলে ৫ রান করা ওয়েভস্টারের স্টাম্প ভেঙে দেন এই টাইগার অলরাউন্ডার।
এরপর রাজ্য জয়ের দায়িত্ব নিয়ে উইকেটে আসেন অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও তাকে সফল হতে দেননি মিরাজ। ৩২ বলে ৮ রান করা কামিন্সকে ফিরিয়েছেন সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে।
এর ফাঁকে অবশ্য হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন গ্রিন। একপ্রান্ত আগলে রেখে তিনি একাই লড়াই চালিয়ে যাচ্ছেন। সেঞ্চুরির পথে হাঁটছেন এই অসি ব্যাটার। ১৯ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা।

স্পোর্টস ডেস্ক