যে কৌশলে এবার সফল মিচেল স্টার্ক
মিচেল স্টার্ক! ডারউইনে বাংলাদেশের ব্যাটারদের কাছে তিনি ছিলেন রীতিমতো অসহায়। কিছুতেই যেন কিছু করতে পারছিলেন না এই অস্ট্রেলিয়ান তারকা। হতাশা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, বাদানুবাদে জড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে। মিরাজকে বলেই বসেছিলেন, ‘এটা কিন্তু বাংলাদেশ নয়।’ সেই স্টার্কই এবার বাংলাদেশকে দুঃস্বপ্ন দেখালেন।
দিনের শুরুতেই ম্যাকাইয়ে দেখালেন গতি আর সুইংয়ের খেলা। আর সেটাতেই বিধ্বস্ত হলো বাংলাদেশের ব্যাটাররা। ইনিংসের প্রথম বলেই তুলে নিয়েছিলেন উইকেট। সেই ধারা চলতে থাকে আরও কিছুক্ষণ। বাংলাদেশের ব্যাটিং লাইনের প্রথম পাঁচ ব্যাটারের চারজনকেই ফিরিয়েছেন শূন্য রানে। মাত্র ২২ বলে ফাইফার করেছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম ফাইফার এটি।
বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর হলো। শেষ পর্যন্ত কোনোমতে দিনের প্রথম সেশনটা শেষ করতে পেরেছেন মিরাজ-হাসান মাহমুদের ব্যাটিংয়ে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় স্টার্ক জানিয়েছেন সাফল্যের কারণ আর পরিকল্পনা।
সম্প্রচারকারী টেলিভিশনকে স্টার্ক বলেন, ‘এই উইকেটে প্রথমে বোলিংয়ের সুযোগ পাওয়াটা চমৎকার ছিল। এখানকার বেশ কয়েকজন খেলোয়াড় বলেছিল, এই উইকেটটা অনেকটা গ্যাবার মতো। তাই উইকেটের শুরুর দিকের সুবিধা কাজে লাগিয়ে প্রথম সেশনেই ছয়টি উইকেট তুলে নিতে পেরে আমরা মোটেও অসন্তুষ্ট নই (হাসি)।’
ডারউন টেস্টের পর বোলারদের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে এমন প্রশ্নের উত্তরে স্টার্ক বলেন, ‘আমাদের কিছুটা ফুলার লেন্থে বল করতে হতো। প্রথম টেস্টে তারা বেশ ধৈর্য ধরে খুব ভালো ব্যাটিং করেছিল। তাই মূলত আমাদের কাজ ছিল বলের লেন্থ একটু সামনে রাখা, বাউন্সার একটু বেশি ব্যবহার করা এবং ক্যাচগুলো ঠিকঠাক ধরা।’

স্পোর্টস ডেস্ক