চ্যাম্পিয়ন্স লিগ : ইন্টারের সামনে কঠিন পরীক্ষায় রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি ১৬ বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেই দলটার গত দুটি মৌসুম ভালো যাচ্ছে না। সর্বশেষ মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের শেষে আট থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। নতুন কোচ হোসে মরিনিওর অধীনে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামছে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানকে আতিথ্য দেবে রিয়াল। খেলাটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। অনলাইনে দেখা যাবে স্পোর্টসজিফাই অ্যাপে।
দ্বিতীয় মেয়াদে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন হোসে মরিনিও। তবে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাকে। চোট ও নিষেধাজ্ঞার কারণে পাচ্ছেন না দলের সেরা তারকাদের। এই দুই কারণে ইন্টারের বিপক্ষে খেলতে পারবেন না রিয়ালের অন্তত ১০জন ফুটবলার।
বিশেষ করে মাঝমাঠে তৈরি হয়েছে বড় সংকট। কামাভিঙ্গা, আর্দা গুলার ও বার্নার্দো সিলভা নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না। চোটে নেই আরও কয়েকজন। ফলে মাঝমাঠে মরিনিওর হাতে কার্যকর বিকল্প হিসেবে থাকছেন মূলত ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহ্যাম।
এর সঙ্গে লা লিগা হারের তিক্ত স্বাদ নিয়েই ইন্টারের বিপক্ষে মাঠে নামতে হবে রিয়ালকে। টানা তিন জয়ের পর লা লিগায় সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোরা। চলতি মৌসুমে সেটিই রিয়ালের প্রথম পরাজয়।
অন্যদিকে, দারুণ আত্মবিশ্বাস নিয়ে বার্নাব্যুতে আসছে ইন্টার মিলান। সর্বশেষ ম্যাচে নাপোলির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। ৮২তম মিনিটে মার্কাস থুরাম এবং যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের গোলে বদলে যায় ম্যাচের চিত্র।
পরিসংখ্যান অবশ্য কথা বলছে রিয়ালের পক্ষেই। দুই দলের সর্বশেষ ৭ দেখায় ৬ বারই জয় পেয়েছে রিয়াল। ইন্টার মিলানের জয় মোটে এক ম্যাচে। বিশেষ করে একবিংশ শতাব্দী থেকে চ্যাম্পিয়ন্স লিগে ইতালীয় দলটি অন্য যেকোনো প্রতিপক্ষের চেয়ে রিয়াল মাদ্রিদের কাছেই সবচেয়ে বেশিবার (৪ বার) হেরেছে।
তবে সুপার কম্পিউটারের হিসাবে অবশ্য কিছুটা পিছিয়ে থাকছে রিয়াল। অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাসে রিয়ালকে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ ফেভারিট হিসেবে দেখা হচ্ছে না। শিরোপা জয়ের সম্ভাবনায় রিয়ালের অবস্থান সপ্তম, সম্ভাবনা মাত্র ৪ দশমিক ৪ শতাংশ।
তবে সব হিসাব-নিকাশের বাইরে বার্নাব্যুতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে মরিনহোর দলকে। আর ইন্টার মিলান চাইবে রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক ব্যর্থতার ধারাটা বদলে দিতে।

স্পোর্টস ডেস্ক