আসিয়ান কাপ নিয়ে যা বললেন হামজা
ফিফা আসিয়ান কাপে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে সান মারিনোর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। তবে তার আগে হারের তিক্ত অভিজ্ঞতাও হয়েছে তাদের। অতীতের জয়-পরাজয় পেছনে ফেলে এবার নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত হামজারা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাকার্তায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। মাঠে নামার আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। তাঁর বক্তব্য, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষেও ভয় না পেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ।
গত ২১ সেপ্টেম্বর (সোমবার) জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা। এরপর টানা তিন দিন দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেন, “আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা নিশ্চিতভাবেই একটি বড় সুযোগ। তাই আমাদের লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা। কারণ আমরা কাউকে ভয় পেতে এখানে আসিনি। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু।”
কোনো প্রতিপক্ষকে ভয় নিয়ে মাঠে নামছেন না বলেও স্পষ্ট করেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। একই সঙ্গে নিজেদের সামর্থ্য সম্পর্কেও দলের খেলোয়াড়েরা সচেতন বলে জানান তিনি।
হামজার কাছে এই প্রতিযোগিতা নিজেদের জন্য শেখারও একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তার মতে, আসিয়ান কাপ থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করে দেশের জন্য ভালো কিছু করাই বাংলাদেশের লক্ষ্য। দেশের মুখ উজ্জ্বল করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। সেই ম্যাচ নিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা ইন্দোনেশিয়া দলের প্রশংসা করেন।
তার মতে, র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার অবস্থান বেশ ভালো। দলটিতে বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন এবং প্রধান কোচও দক্ষ। আগামী বিশ্বকাপ বাছাইপর্বে ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকলে তিনি অবাক হবেন না বলেও মন্তব্য করেন হামজা।
হামজার ভাষায়, ‘আমার মনে হয় তারা র্যাঙ্কিংয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে। তাদের দলে বেশ মানসম্পন্ন খেলোয়াড় এবং একজন দক্ষ প্রধান কোচ আছেন। বিশেষ করে আগামী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি বিশ্বকাপের মূল পর্বে ওঠার দৌড়ে শক্ত অবস্থানে না থাকে, তবে আমি অবাক হব। দেশ হিসেবে আপনারা ফুটবলকে খুব গুরুত্ব দেন। আমার মনে হয়, তাদের অত্যন্ত ভালো একটি দল রয়েছে।’
ইন্দোনেশিয়ায় ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ও গুরুত্বের কথাও উল্লেখ করেন হামজা। তার চোখে, ইন্দোনেশিয়া শক্তিশালী একটি দল এবং তাদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হবে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা।

স্পোর্টস ডেস্ক