কোচ মিকি আর্থারকে নিয়ে বিস্ফোরক দাবি পাকিস্তানের সাবেক পেসারের
২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার। পরবর্তীতে ২০২৩ সালে টিম ডিরেক্টার হিসেবে আবারও দায়িত্ব নেন তিনি। তবে তার প্রথম মেয়াদের সময়কাল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের সাবেক পেসার সোহেল খান।
সেসময় মিকি আর্থারের সঙ্গে নিজের তিক্ত স্মৃতি ফিরিয়ে এনে প্রোটিয়া এই কোচের বিরুদ্ধে মানসিক অসুস্থতার মতো গুরুতর অভিযোগ এনেছেন সোহেল খান। পাকিস্তান জাতীয় দলে থাকার সময় ক্রিকেটারদের সঙ্গে আর্থারের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই পেসার।
সম্প্রতি ইউটিউবে ফাওয়াদ আলম শো-তে এসব অভিযোগ করেন সোহেল খান। তার দাবি, আর্থার কোচ থাকার সময় দল নির্বাচনে ক্ষমতাশালীদের প্রভাব ছিল। যে কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফর্ম করেও উপেক্ষিত থেকেছেন তিনি।
সোহেল বলেন, ‘মিকি আর্থার মানসিকভাবে অসুস্থ। আমি এটা খোলাখুলি বলছি। সে পাগল। সে শতভাগ মানসিকভাবে অসুস্থ এবং যারা তার সমর্থন পেত, তারা ছাড়া বাকি খেলোয়াড়দের আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন।’
মিকি আর্থার কোচিং বোঝেন না দাবি করে সোহেল খান বলেন, ‘সে (মিকি আর্থার) কোচিং বোঝে না। অথচ মুশতাক আহমেদ তাকে পাকিস্তান দলে নিয়ে এসেছিলেন। তিনি শুধু খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতেই নয়, বরং তাদের পেছনের ক্ষমতার কারণেও খেলোয়াড় বাছাই করতেন।’

স্পোর্টস ডেস্ক