রোনালদোকে নিয়ে কথা বলাতেও সতর্কতা!
পর্তুগাল ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে রোনালদো প্রসঙ্গে কথা বলতে গিয়ে সতর্কতার বার্তা পান ডিফেন্ডার রেনাতো ভিগাকে।
ডেনমার্কের বিপক্ষে জয়ের পর পর্তুগাল দলে রোনালদোকে ঘিরে আলোচনার পারদ আরও চড়েছে। কোপেনহেগেনে ডেনমার্ককে ৪-২ গোলে হারানোর পর মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন ভিগা। ম্যাচ নিয়ে বিস্তারিত কথা বললেও রোনালদো প্রসঙ্গ উঠতেই পরিস্থিতি বদলে যায়। পাশে থাকা পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রেস কর্মকর্তার দিকে তাকিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
রোনালদোর সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানিয়ে ভিগা জানান, তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তবে এ বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় কোনো মন্তব্য করতে পারছেন না বলেও জানান তিনি।
এরপর সাংবাদিকরা একাধিকবার প্রশ্ন করলেও নিজের অবস্থানে অনড় থাকেন ভিগা। শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করে তিনি জানান, এ বিষয়ে কথা বলার অনুমতি তাকে দেওয়া হয়নি।
তার ভাষায়, ‘রোনালদোর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং সে জানে তার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা রয়েছে। কিন্তু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না, তাই… আমি সত্যিই এ নিয়ে কথা বলতে পারবো না, আমাকে ক্ষমা করবেন, আমি কোনো মন্তব্য করতে পারছি না।’
রোনালদোকে ঘিরে এমন পরিস্থিতির মধ্যেই ডেনমার্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় পর্তুগাল। এর আগে একই ভেন্যুতে ২০২৫ সালের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হারের স্মৃতি ছিল পর্তুগালের। সেই মাঠেই এবার চার গোল করে জয় পাওয়ায় দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভিগা।
তার মতে, কঠিন একটি মাঠে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এটি ছিল পর্তুগালের পূর্ণাঙ্গ পারফরম্যান্সগুলোর একটি। তবে এটিকে দলের সেরা ম্যাচ বলতে নারাজ তিনি। কারণ সাম্প্রতিক সময়ে টানা তিনটি ভালো ম্যাচ খেলেছে দল বলেও উল্লেখ করেন এই ডিফেন্ডার।
দেশের প্রতি নিজের দায়বদ্ধতার কথাও পুনর্ব্যক্ত করেন ভিগা। তার ভাষায়, নরওয়ে ম্যাচের আগেও যেমনটা বলেছিলাম, ক্লাব হোক বা জাতীয় দল, নিজের সেরাটা উজাড় করে দিতে আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি। আমার মতে, 'সেলেসাও'দের হয়ে মাঠে নামাই একজন ফুটবলারের জীবনের সবচেয়ে বড় সম্মান, বিশেষ করে একজন পর্তুগিজের জন্য। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর প্রতিটি সুযোগকে আমি পরম গর্বের সাথে দেখি এবং নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে কাজ করে যাব।’
জাতীয় দলের হয়ে খেলার গুরুত্বও তুলে ধরেন ভিগা। ক্লাব কিংবা জাতীয় দল, প্রতিটি ম্যাচেই নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রতিদিন কাজ করে যাওয়ার কথা জানান তিনি। পর্তুগালের হয়ে মাঠে নামাকে একজন ফুটবলারের জন্য সবচেয়ে বড় সম্মানের একটি হিসেবেও উল্লেখ করেন এই তরুণ ডিফেন্ডার।
কোচ জর্জ জেসুসের অধীনে দলের কৌশলগত পরিবর্তন নিয়েও কথা বলেন ভিগা। তার মতে, ডেনমার্কের মাঠে জয় পাওয়া সহজ ছিল না। ফলে এমন প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া এই জয় পর্তুগালের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন রোনালদোকে ঘিরে দলের ভেতরের পরিস্থিতি। অভিজ্ঞ ফরোয়ার্ডের সঙ্গে কোচ জেসুসের একাদশ নির্বাচন নিয়ে মতবিরোধের খবরের পর থেকেই বিষয়টি নিয়ে পর্তুগাল শিবিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতেই রোনালদো প্রসঙ্গে দলের ফুটবলারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে উঠে এসেছে।

স্পোর্টস ডেস্ক