৩ বছর পর মাঠে গড়াচ্ছে হকি লিগ
দেশের প্রধান তিনটি খেলার তালিকায় ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি রয়েছে হকিও। তবে এই দুই জনপ্রিয় খেলার সঙ্গে হকির পার্থক্য হলো, ক্রিকেট ও ফুটবলে নিয়মিত ঘরোয়া লিগ অনুষ্ঠিত হলেও হকিতে সেই ধারাবাহিকতা দেখা যায় না।
সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার হকি লিগ। একই বছর মাঠে গড়ায় প্রথম বিভাগ হকি লিগও। এরপর কেটে গেছে তিন বছর। দীর্ঘ বিরতি শেষে অবশেষে আগামী শনিবার (১০ অক্টোবর) শুরু হতে যাচ্ছে চলতি মৌসুমের প্রথম বিভাগ হকি লিগ।
ক্লাবগুলোর দাবির মুখে লিগে অংশ নেওয়া প্রতিটি দলকে আড়াই লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ হকি ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ কমিটির সম্পাদক ইউসুফ আলী।
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১১টি ক্লাব। দলগুলো হলো ওয়ারী ক্লাব, ফরাশগঞ্জ এসসি, হকি ঢাকা ইউনাইটেড, শিশু-কিশোর সংঘ, পিডব্লিউডি এসসি, ঢাকা ওয়ান্ডারার্স, কম্বাইন্ড এসসি, রায়েরবাজার এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ঢাকা ইয়াং স্টার ও ব্যাচেলর এসসি।
২০২৩ সালের সর্বশেষ আসরে প্রতিটি দল দুজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ পেয়েছিল। তবে এবার প্রথম বিভাগ হকি লিগে থাকছেন না কোনো বিদেশি খেলোয়াড়। দেশীয় খেলোয়াড়দের খেলার সুযোগ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির সম্পাদক।
দীর্ঘ বিরতি শেষে লিগ শুরু হওয়ায় হকিতে নতুন করে প্রাণ ফেরার সম্ভাবনা তৈরি হলেও নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অতীতের পরিসংখ্যানও সেই শঙ্কাকে আরও জোরালো করে। ১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৬ বছরে প্রিমিয়ার হকি লিগ অনুষ্ঠিত হয়েছে মাত্র ১৩ বার। একই সময়ে প্রথম বিভাগ লিগের আয়োজন হয়েছে ১২ বার। আর ২০১২ সাল থেকে দ্বিতীয় বিভাগ হকি লিগ মাঠে গড়িয়েছে মাত্র পাঁচবার।

স্পোর্টস ডেস্ক