নাঈম-তাইজুলের লড়াইয়ের পরও ৩৫০ রানের আগেই থামল বাংলাদেশ
আগের দিনই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তেব সেখান থেকে বাঁচিয়েছিলেন নাঈম হাসান আর তাইজুল ইসলাম। দ্বিতীয় দ্বিতীয় সকালেও বেশ খানিকটা সময় আফগান বোলারদের পরীক্ষা নিলেন তারা। মনে হচ্ছিল ৩৫০ ছাড়াবে বাংলাদেশের ইনিংস। তবে কাছাকাছি থামতে হয়েছে তাদের। থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস।
আজ শনিবার (১০ অক্টোবর) আবধুাবির শেখ জায়েধ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৯২.৩ ওভার ব্যাট করে ৩৪৬ রান তুলেছে বাংলাদেশ।
৮ উইকেট হারিয়ে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৩৩ বলে ১১ রানে অপরাজিত থেকে নাঈম হাসান আর ১০ বলে ৪ রানে অপরাজিত থেকে মাঠে নেমেছিলেন তাইজুল ইসলাম।
মূলত দেখার অপেক্ষা ছিল কতক্ষণ তারা আফগান বোলারদের অপেক্ষা বাড়াতে পারেন। সেই লক্ষ্যে নিজেদের কাজটা বেশ ভালোই করেছেন নাঈম আর তাইজুল। উইকেট থেকে সকালের সুবিধা আদায় করতে দেননি স্বাগতিক বোলারদের। প্রায় ঘণ্টাখানেক কাটিয়ে দেন তারা।
দ্বিতীয় দিনে নাঈম-তাইজুলের নবম উইকেট জুটি থেকে এসেছে ৩৩ বলে ১৮ রান। দিনের ষষ্ঠ ওভারে এসে তাইজুল ফিরলে ভাঙে সেই জুটি। ফেরার আগে ২০ বল থেকে ৯ রান করেন তিনি।
তাইজুল ফিরলে নাঈমকে সঙ্গ দিতে নামেন এবাদত হোসেন। তবে বেশি সময় উইকেটে টিকে থাকতে পারেননি এবাদত। ৭ বল খেলে কোনো রান না করেই ফিরে যান তিনি। এতে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ পর্যন্ত ৬৭ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন নাঈম।
এর আগে প্রথম দিনটা অম্ল-মধুর কেটেছে বাংলাদেশের। দুর্দান্ত ব্যাটিংয়ে দিনের শুরুটা রাঙিয়েছিলেন দুই ওপেনার। তাদের ব্যাটিংয়ে বাংলাদেশ দেখছিল বড় রানের স্বপ্ন আর আফগানিস্তানের চোখ তখন ছানাবড়া হওয়ার অবস্থা। তবে ব্যটিংয়ের সেই ধারা বাংলাদেশ অব্যাহত রাখতে পারেনি। ভালো খেলতে খেলতে দ্বিতীয় সেশনে পথহারায় টাইগাররা। কিছুটা চাপ নিয়েই তাই প্রথম দিন শেষ করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৯২.৩ ওভারে ৩৪৬/১০ (তামিম ৮৩, সাদমান ৬৭, মুমিনুল ৩৯, শান্ত ২৯, মুশফিক ০, লিটন ৫৩, মিরাজ ২৪, হাসান ২, তাইজুল ৯, এবাদত ০, নাঈম ৩৫*; আহমাদজাই ২০.৩-৩-৭৯-৩, সালিম ২৩-২-৮২-৪, হাশমতুল্লাহ ৩-০-২৪-০, ইসমাত ১২.৪-৫-২০-২, জিয়া-উর-রহমান ১৯-১-৭৭-০, কাইস ১৪.২-১-৬০-১)

স্পোর্টস ডেস্ক